পেট্রোল বোমা হামলার নতুন সংস্করণ জঙ্গি হামলা: হাছান
সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলোকে পেট্রোল বোমা হামলার নতুন সংস্করণ বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশে অনেকেই ধোয়া তুলছেন সম্প্রতি জঙ্গি হামলা আইএস করাচ্ছে। আমি বলব এদেশে আইএস নাই। জামায়াত-শিবির, বিএনপির নেতাকর্মীরা এগুলো ঘটাচ্ছে।
“আর এই জঙ্গি তৎপরতায় বেনিফিসিয়ারি হচ্ছে বিএনপি নেত্রী খালেদা জিয়া। এ সমস্ত হত্যার উদ্দেশ্য রাজনৈতিক, ইসলাম প্রতিষ্ঠার জন্য নয়। এই জঙ্গিরা ইসলামের শত্রু। এই জঙ্গি হামলা পেট্রোল বোমা হামলার নতুন সংস্করণ। ”
জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক লীগের জঙ্গিবাদবিরোধী এ সমাবেশে হাছান মাহমুদ বলেন, কোনো পরিবারে একজন মাদকাসক্ত হলে সে পরিবারের জন্য হুমকি হয়ে যায়, তবে পরিবারে একজন জঙ্গি থাকলে সে শুধু পরিবারের জন্য নয়, সে দেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ”
সন্তানদের জঙ্গিবাদে জড়ানো থেকে বিরত রাখার প্রধান দ্বায়িত্ব পরিবারের মন্তব্য করে তিনি বলেন, কোনো পরিবারের সন্তান জঙ্গি হলে অভিভাবক দায়িত্ব এড়াতে পারে না। জঙ্গি উৎপাদন বন্ধ করতে হলে অভিভাবকদের এগিয়ে আসতে হবে।
জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।
