২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সত্য চাপা থাকে না: ঢাবির ঘটনায় ছাত্রদল

সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের স্মরণিকায় বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ লেখার প্রেক্ষাপটে ছাত্রলীগের বিক্ষোভ-ভাঙচুরের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2016, 11:36 PM

Updated : 11 Oct 2022, 08:26 PM

পুরনো খবর:

ঢাবি ভিসির পদত্যাগ দাবিতে বাসা ঘিরে বিক্ষোভ
ইতিহাস বিকৃতি: ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি
ঢাবি স্মরণিকায় জিয়া ‘প্রথম রাষ্ট্রপতি’, ভিসির গাড়ি ভাঙচুর

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এই নিন্দা ও প্রতিবাদ জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ‘স্মৃতি অম্লান’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর বর্ণনা দিতে গিয়ে উনবিংশ পৃষ্ঠায় জিয়াউর রহমান হলের ক্ষেত্রে জেনারেল জিয়াকে ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা’ হিসেবে বর্ণনা করা হয়।

এতে ইতিহাস বিকৃত করার প্রতিবাদ এবং স্মরণিকা প্রকাশের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানের অব্যাহতি চেয়ে শুক্রবার দুপুরের দিকে রাস্তায় বিক্ষোভ ও ভাংচুর করে ছাত্রলীগ।

স্মরণিকা বাজেয়াপ্ত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়ার ঘোষণার পরে এ ঘটনার দায়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগের দাবিও ইতোমধ্যে জানিয়েছে তারা।

এদিকে সামরিক বাহিনী থেকে ক্ষমতা দখল করা জিয়াউর রহমানকে স্মরণিকায় বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ লেখার ঘটনায় ছাত্রদলের ভাষ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ‘ঐতিহাসিক সত্য’ জাতির সামনে তুলে ধরেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ‘নতজানু’ আখ্যায়িত করে ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, “নতজানু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আর পোষা ইতিহাসবিদরা বর্তমান অবৈধ সরকারের সাথে আঁতাত করে যতই ইতিহাস বিকৃত করার চেষ্টা করুক না কেন, তা প্রকাশ পাবে। সত্য আর আগুন কখনো চাপা থাকে না।”

বিএনপির এই ছাত্রসংগঠনটির পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এটি একটি ঐতিহাসিক সত্য। সত্যপ্রিয় ও বিবেকবান যে কোনো মানুষই বিষয়টির সাথে একমত।”

এরপরও ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মতো ঐতিহাসিক সত্যগুলোকে বিকৃত ও ভুল তথ্য সন্নিবেশনের অপকৌশলে মেতেছে’ দাবি করে আওয়ামী লীগের সমালোচনা করা হয় বিবৃতিতে।

ছাত্রদলের মতে, “ঐতিহাসিক সত্যকে আওয়ামী লীগ কখনও মেনে নিতে শিখেনি, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন একটি ঐতিহাসিক সত্য জাতির সামনে তুলে ধরেছেন, তখন ছাত্রলীগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের রুমসহ বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে, ভাংচুর চালিয়েছে- যা কখনো কাম্য হতে পারে না।”

ভাংচুর-হামলায় জড়িত ছাত্রলীগ নেতাকমীর্দের ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করে বিবৃতিতে তাদের শাস্তির দাবি চান ছাত্রদলের দুই শীর্ষ নেতা।