২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্দুকযুদ্ধ’ নিয়ে এরশাদের উদ্বেগ

জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ‘সাঁড়াশি অভিযান’ ও কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ‍হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 12:03 AM

Updated : 20 Aug 2022, 01:01 PM

ঢাকার শ্যামপুর বালুর মাঠে এক ইফতারে অংশ নিয়ে তিনি বলেন, “সাঁড়াশি অভিযানের নামে সাধারণ মানুষদের হয়রানি করা হচ্ছে। অথচ কোনো সন্ত্রাসী ধরা পড়েনি।

“পার্শ্ববর্তী দেশ আজ আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে; এটা আমাদের জন্য লজ্জাকর। এক সময় শুনেছি ক্রসফায়ার, এখন বন্দুকযুদ্ধ। এটা কিসের আলামত?”

গত দেড় বছরে একের পর এক লেখক-প্রকাশক, ব্লগার, বিদেশি, পুরোহিত ও ভিক্ষুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে কুপিয়ে ও গুলি করে হত্যার মতো একই কায়দায় চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যার পর দেশব্যাপী জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ।

সপ্তাহব্যাপী এ অভিযানে শেষে প্রায় ২০০ জঙ্গিকে গ্রেপ্তার করা গেছে বলে পুলিশের ভাষ্য। এছাড়া বিভিন্ন ধরনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১১ হাজার মানুষকে। এ সময়ে সারা দেশে ‘বন্দুকযুদ্ধে’ বেশ কয়েকজন নিহতও হয়।

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ এসব ঘটনায় সর্বশেষ নিহত হয় মাদারিপুর নাজিমউদ্দিন কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলাকারী গোলাম ফাইজুল্লাহ ফাহিম, যাকে হিজবুত তাহরীর সদস্য বলছে পুলিশ।

শিক্ষক রিপন চক্রবর্তী পুলিশের ‘সাঁড়াশি অভিযানের’ মধ্যেই গত বুধবার হামলার শিকার হলে ঘটনার পরপরই জনতা হামলাকারী তিনজনের মধ্যে ফাহিমকে হাতেনাতে ধরে ফেলে। অপর দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।

শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে পায় পুলিশ। কিন্তু এর একদিন পরই ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ফাহিম।

জাতীয় পার্টির ঢাকা দক্ষিণ শাখা আয়োজিত ওই ইফতার সমাবেশে দলের চেয়ারম্যান এরশাদ বলেন, “দেশে এত রক্তপাত …  এর জন্য পরিবর্তন দরকার। দেশের মানুষও পরিবর্তন চায়।”

ইফতারে দলের সিনিয়র কো চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, দলের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।