সাঁড়াশি অভিযান আইনবিরোধী: বিএনপি
জঙ্গি দমনে সারা দেশে যে সাঁড়াশি অভিযান পুলিশ গত সাতদিন চালিয়েছে, তাকে ‘আইনবিরোধী’ বলছে বিএনপি।
শুক্রবার ঢাকায় এক ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “১২ হাজার যে গ্রেপ্তার হয়েছে, এটা সম্পূর্ণ আইনের বিরোধী। কারণ কয়েক দিন আগে হাই কোর্ট থেকে রায় দিয়েছে যে বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেপ্তার করা যাবে না। ১২ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বিনা ওয়ারেন্টে।”
২০০৩ সালে হাই কোর্টের এক রায়ের নির্দেশনায় বলা হয়, আটকাদেশ (ডিটেনশন) দেওয়ার জন্য পুলিশ কাউকে ৫৪ ধারায় গ্রেপ্তার করতে পারবে না। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গিয়েও সাড়া পায়নি।
গত ২৪ মে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে বলেছে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার (৫৪ ধারা) ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ধারা (১৬৭ ধারা) প্রয়োগের ক্ষেত্রে একটি নীতিমালা সর্বোচ্চ আদালত থেকে করে দেওয়া হবে।
দেশে একের পর এক জঙ্গি কায়দায় হত্যা-হামলার প্রেক্ষাপটে ১০ জুন থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এই ১২ হাজার গ্রেপ্তারের তথ্য পুলিশ দিয়েছে, যার মধ্যে সন্দেহভাজন জঙ্গি রয়েছেন ১৯৪ জন।
বাকিরা বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি বলে পুলিশের ভাষ্য। অন্যদিকে বিএনপির দাবি, গ্রেপ্তারদের একটি বড় অংশই তাদের নেতাকর্মী, যাদের পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে।
বারিধারার ‘জামিয়া মাদানিয়া’ মাদ্রাসায় ২০ দলের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের ইফতার মাহফিলে ফখরুল বলেন, “এর মধ্যে জঙ্গি খুঁজে পেয়েছেন ১৩৫ জন। তা হলে ১২ হাজার মানুষ কারা? বাকিরা কারা? বাকিরা ধর্মপ্রাণ মানুষ।”
সরকারের এই অভিযান ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে’ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
গত দেড় বছরে ‘প্রায় ৪৮ জন’ গুপ্তহত্যার শিকার হয়েছে দাবি করে ফখরুল বলেন, “অত্যন্ত সাবলীলভাবে প্রশ্ন এসে যায়, এখন পর্যন্ত সরকার একটা হত্যাকারীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে পারেনি কেন।”
আইন-শৃঙ্খলা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “ক্রসফায়ারে আমাদের ভাইদেরকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। কোনো জবাবদিহিতা নেই।”
জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাশেমীর এক বক্তব্যের সূত্র ধরে ফখরুল বর্তমান শিক্ষানীতিরও সমালোচনা করেন।
তিনি বলেন, “সেই শিক্ষানীতি কি আমার সংস্কৃতি-ঐতিহ্য-ধর্মীয় মূল্যবোধ, তার সঙ্গে কী সঙ্গতিপূর্ণ? তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, সে কারণে এর প্রতিবাদ উঠেছে।”
বক্তব্যের পর জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব কাশেমী, সহসভাপতি মুফতি আবদুর রব ইউসুফী, মাওলানা মোস্তফা আজাদ, মুফতি আবদুর রব ইউসুফী, মাওলানা জহিরুল হক ভুঁইয়া, মাওলানা ওবায়েদুল্লাহ ফারুক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ রকীব, খেলাফত মজলিশের নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান পেশোয়ারীকে নিয়ে এক টেবিলে ইফতার করেন ফখরুল।
এছাড়া ২০ দলীয় জোটের শরিক নেতারাও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
