২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের নতুন মানচিত্র চান নিলু

বাংলাদেশের মানচিত্র পরিবর্তন নতুন মানচিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 08:35 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় নিলু বলেন, “ভারতের সাথে বাংলাদেশের ছিটমহলের সফল বিনিময়ে দেশের ভূখণ্ডের অনেক পরিবর্তন হয়েছে। কোনোরকম কালক্ষেপণ না করে মানচিত্র পরিবর্তন করে নতুন মানচিত্র জাতীসংঘসহ বিশ্বের সকল দেশে পৌঁছে দিন।”

তিনি বলেন, “একাত্তর সালের মানচিত্র থেকে এখন আমাদের ভূখণ্ডের জায়গা অনেক বেড়েছে।”

বিএনপিপ্রধান খালেদা জিয়ার সমালোচনা করে নিলু বলেন, “জাতীয় নির্বাচন বর্জন করে আপনি (খালেদা জিয়া) নাকে খত দিয়ে ইউপি নির্বাচনে এসেছেন। এখানেও ব্যর্থ হয়েছেন। ষড়যন্ত্র বাদ দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।”

“আমি বলব, বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান, আসলাম চৌধুরীর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আসলাম চৌধুরী মোসাদের সাথে বৈঠক করেছেন তার উদ্দেশ্য ইঙ্গ-মার্কিন সমন্বয় সাধন।”

১৬ মে ঐতিহাসিক লংমার্চ দিবস উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ ভাসানীর এ আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সমালোচনা করে তিনি বলেন, “এরশাদ বর্তমান সরকারের অদ্ভুত পার্টনার। আপনার দলের জাতীয় সম্মেলনে একটা বিষয় পরিষ্কার করা উচিত ছিল, আসলে আপনি কি সরকারের পজিশন না অপজিশন?”

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এনডিপির চেয়ারম্যান আলমগীর মজুমদার, ন্যাপ ভাসানীর ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন মুন্না প্রমুখ।