২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা আলমগীর হায়দার মারা গেছেন

বিএনপি নেতা চাঁদপুরের সাবেক সংসদ সদস্য আলমগীর হায়দার আর নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 01:40 AM

Updated : 20 Aug 2022, 12:27 PM

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর হায়দার বুধবার রাতে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আলমগীর হায়দার চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।”

এক ছেলে ও দুই মেয়ের জনক আলমগীর হায়দারের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি মরহুমের আত্মার মঙ্গল কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আবদুল লতিফ জনি জানান, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার রাত ১০টায় মরহুমের প্রথম নামাজে জানাজা হবে।

চাঁদপুরের ফরিদগঞ্জের জনপ্রিয় বিএনপির নেতা হিসেবে পরিচিত আলমগীর হায়দার চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।

বেশ কয়েক বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত আলমগীর হায়দার গুরুতর অসুস্থ হয়ে পড়লে দুই সাপ্তাহ আগে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে চারদিন আগে চিকিসকরা তাকে ‘লাইফ সাপোর্টে’ রাখেন।

আলমগীর হায়দারের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।