২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসচিব মির্জা ফখরুলের প্রথম সভা পণ্ড

কৃষিবিদ ইনস্টিটিউশন কর্তৃপক্ষের অনুমতি থাকলেও বিএনপি সমর্থিত সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এ্যাব এর আলোচনা অনুষ্ঠান পুলিশ করতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 06:27 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

পুলিশ জানিয়েছে, ওই ধরনের অনুষ্ঠানের জন্য কমিশনারের অনুমতি লাগলেও তারা নেয়নি।

সংগঠনটি জানিয়েছে, শনিবার বিকাল ৩টায় রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশনের থ্রিডি সেমিনার হলে তাদের ‘দুর্নীতি, দুঃশাসনে বিপন্ন স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির নতুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

পাঁচ বছর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন শেষে মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুলের প্রথম রাজনৈতিক আলোচনা হওয়ার কথা ছিল এটি।

বিকাল সাড়ে ৩টায় সংগঠনের সদস্যসচিব হাসান জাফির তুহিন অনুষ্ঠানস্থলের সামনে সাংবাদিকদের বলেন, “কৃষিবিদ ইনস্টিটিউশন কর্তৃপক্ষের অনুমতি থাকলেও তেজগাঁও পুলিশের কয়েকজন সাব ইন্সপেক্টর এসে আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেন, এখানে অনুষ্ঠান করার কোনো অনুমতি নেই।”

পুলিশ তাদের বের করে দিয়ে থ্রিডি সেমিনার হলে তালা লাগিয়ে দেয় অভিযোগ করে তিনি বলেন, “পুলিশের এহেন আচরণের আমরা নিন্দা জানাচ্ছি, ক্ষোভ প্রকাশ করছি।”

এ সময়ে সংগঠনটির আহ্বায়ক আনোয়ার-উননবী মজুমদার বাবলাসহ নেতারা উপস্থিত ছিলেন।

তুহিন বলেন, “আমরা সকাল থেকে অনুষ্ঠানের সব আয়োজন শুরু করেছিলাম। দুপুর আড়াইটায় পুলিশ এসে আমাদের সেমিনার হল থেকে বের করে দেয়।”

এসময় হলের ভাড়া বাবদ ২১ হাজার ৮০০ টাকা পরিশোধের রশিদও সাংবাদিকদের কাছে বিতরণ করেন তিনি।

এ ব্যাপারে সেখানে উপস্থিত এসআই মামুন শাহের কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, “আমি কিছু জানি না। ডিউটি করতে এসেছি। কিছু জানার থাকালে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন।”

যোগাযোগ করা হলে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের কোনো অনুমতিই ছিল না। এ ধরনের অনুষ্ঠান করার ক্ষেত্রে পুলিশ কমিশনারের অনুমতি নিতে হয়।”

পুরনো খবর:

পদোন্নতির দিনে ফখরুলের জামিন নাটকীয়তা
মির্জা ফখরুল অবশেষে বিএনপির মহাসচিব