২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতির দিনে ফখরুলের জামিন নাটকীয়তা

পদোন্নতি পেয়ে বিএনপির মহাসচিব হওয়ার পরপরই নাটকীয় ঘটনায় কয়েক ঘণ্টা কারাগারে থেকে মুক্তি পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 04:32 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

পুরনো খবর:

মির্জা ফখরুল অবশেষে বিএনপির মহাসচিব
প্রধানমন্ত্রী এই জঘন্য কাজটি করেছেন: রিজভী
ভারমুক্ত-কারামুক্ত ফখরুল খালেদার বাড়িতে

বুধবার সকালে পদোন্নতি পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে নাশকতার মামলায় ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি।

তার ওই আবেদন নাকচ করে দুপুর ১টায় ঢাকার মহানগর হাকিম গোলাম নবী আদেশ দেন, কারাগারে যেতে হবে ফখরুলকে।

এরপর এজলাস থেকে তাকে নেওয়া হয় কোর্ট হাজতখানায়। সেখান থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতির মধ্যেই তৎপর হন বিএনপির আইনজীবীরা।

অসুস্থতার কারণ দেখিয়ে জামিন নাকচের আদেশ পুনর্বিবেচনার আবেদন নিয়ে আইনজীবীরা ফের যান আদালতে। সেই আবেদনের শুনানি নিয়ে একই বিচারক জামিন দিয়ে দেন ফখরুলকে।

বিকাল ৪টায় আদেশের পরপরই ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “এখন কোর্ট হাজত থেকেই ছেড়ে দেওয়া হবে বিএনপির মহাসচিবকে।”

তবে বিএনপির মহাসচিবকে তার আগেই বেলা আড়াইটার দিকে কারাগারে ঢোকানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক মোহাম্মদ নেছার আলম।

ফলে জামিনের আদেশ পৌঁছার আগে ফখরুলকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরুর সুযোগ ছিল না কারা কর্তৃপক্ষের।

বিএনপি নেতা আবদুস সালাম বিকাল ৫টার দিকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেইল বন্ড সই হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা কারাগারে যাব।”

এরপর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফখরুল ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক দিয়ে বেরিয়ে আসেন। তাকে সেখানে শুভেচ্ছা জানান দলের নেতা-কর্মীরা।

সকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নতুন মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণা করা হয়। 

তার ঘণ্টাখানেকের মধ্যে নাশকতার তিনটি মামলায় হাই কোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করেন ফখরুল।

Image
আদালত প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা

আদালত প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা

 

দলের নতুন মহাসচিবকে আদালত প্রাঙ্গণে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

পল্টন থানার এই তিন মামলার একটিতে তার জামিন আবেদন মঞ্জুর হলেও বাকি দুটিতে জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন হাকিম গোলাম নবী।

নতুন মহাসচিবকে শুভেচ্ছা জানাতে বিএনপির নেতা-কর্মীরা যখন ফুল হাতে নয়াপল্টনে ভিড় করছিলেন, তখনই তাকে কারাগারে পাঠানোর খবরে হতাশা দেখা যায়। সেই সঙ্গে বের হয় বিক্ষোভ মিছিলও।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সদ্য পদোন্নতি পাওয়া জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফখরুলকে কারাগারে পাঠানো সরকারের ‘গভীর ষড়যন্ত্রের’ অংশ।

“ক্ষমতা হারানোর ভয়ে ভোটারবিহীন প্রধানমন্ত্রী বিএনপির মহাসচিবকে কারাগারে পাঠিয়ে এই জঘন্য কাজটি করেছেন।”

সন্ধ্যায় ফখরুল যখন কেন্দ্রীয় কারাগার থেকে বের হচ্ছিলেন, তখন কয়েকশ’ নেতা-কর্মী ফুল দিয়ে নতুন মহাসচিবকে শুভেচ্ছা জানান। সরকারবিরোধী স্লোগানও দেন তারা।

Image
নয়া পল্টনে বিক্ষোভ

নয়া পল্টনে বিক্ষোভ

কারাফটকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন আবদুল্লাহ আল নোমান, আবদুস সালাম, শামীমুর রহমান শামীম, রফিক শিকদার, এসএম জাহাঙ্গীর, আবুল হাসান ননী, শায়রুল কবির খান। ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমও উপস্থিত ছিলেন।

হাত নেড়ে সবার শুভেচ্ছার জবাব দিয়ে মির্জা ফখরুল নিজের গাড়িতে উঠেন। তিনি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়িতে গিয়ে তাকে মহাসচিব করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নাশকতার মামলায় ফখরুলকে গত বছরও বেশ কয়েক মাস কারাগারে থাকতে হয়েছিল। এরপর অসুস্থতার কারণে সর্বোচ্চ আদালতের আদেশে জামিন নিয়ে তিনি বিদেশে চিকিৎসাও করিয়ে আসেন।

বুধবার ঢাকার আদালতে শুরুতে ফখরুলের জামিন হয় ২০১৫ সারের ৪ জানুয়ারির একটি মামলায়। ৫ ও ৭ জানুয়ারি দায়ের হওয়া মামলায় আবেদন নাকচ হয়েছিল।  

জাতীয় নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে ২০১৫ সালের জানুয়ারিতে ২০ দলীয় জোটের আন্দোলনের মধ্যে নাশকতার এই তিন মামলায় মির্জা ফখরুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল হাই কোর্ট। সেই সঙ্গে রুল জারি করা হয়েছিল।

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে সর্বোচ্চ আদালত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলকে জামিন দিয়ে তারপর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলে।

গত ২৪ নভেম্বর হাই কোর্ট রুল নিষ্পত্তি করে মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেয়। স্থায়ী জামিন না হওয়ায় এরপর আপিলের অনুমতি চান ফখরুল।

ওই আবেদনের  নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ গত ২৯ ফেব্রুয়ারি ফখরুলকে আত্মসমর্পণের জন্য ১৫ দিনের সময় দেয়।