২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী এই জঘন্য কাজটি করেছেন: রিজভী

মির্জা ফখরুল আলমগীর মহাসচিব পদে পদোন্নতি পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে তাকে কারাগারে পাঠানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ‘চক্রান্তের’ অভিযোগ এনেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 03:52 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

বুধবার এক ‘জরুরি’ সংবাদ সম্মেলনে বিএনপির নতুন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই ঘটনা সরকারের ‘গভীর ষড়যন্ত্রের’ অংশ।

“এটা আজকের ভোটারবিহীন অবৈধ সরকারের যিনি প্রধান, তার মনোবাসনা। কি জানি- নতুন মহাসচিব হয়েছেন, এরপর রাজনৈতিক গতিধারা কোন দিকে প্রবাহিত হয়... আগেই বন্ধ করে দেয়া। ঘোষণার সাথে সাথে তাকে আটকিয়ে দাও...।

“এই ধরনের একটি আশঙ্কায়, এ ধরনের হীনমন্যতায়, ক্ষমতা হারানোর ভয়ে ভোটারবিহীন প্রধানমন্ত্রী বিএনপির মহাসচিবকে কারাগারে পাঠিয়ে এই জঘন্য কাজটি করেছেন।”

গত পাঁচবছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে আসা ফখরুলকে বুধবার মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়, যা সকালে এক সংবাদ সম্মেলনে প্রকাশ করেন রিজভী।  

এর ঘণ্টাখানেক পর ফখরুল নাশকতার তিন মামলায় ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাকে এক মামলায় জামিন দেন। বাকি দুই মামলায় জামিন নাকচ করে ফখরুলকে কারাগারে পাঠানো হয়।   

সেই খবর নয়া পল্টনের কার্যালয়ে পৌঁছালে নেতা-কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। রহুল কবির রিজভীসহ নেতৃবৃন্দ কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করেন।

মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ে ফিরে আসে। এরপর জরুরি সংবাদ সম্মেলনে আসেন রিজভী।

তিনি বলেন, ‘‘বিনা কারণে মিথ্যা মামলায় এই গ্রেপ্তার শুধু রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিতই নয়, একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই।”

রিজভীর ভাষায়, একটি সরকার ‘গণবিচ্ছিন্ন ও দুর্বল’ হয়ে গেলে তখন সে ‘মরণ কামড়ের জন্য’ বেপরোয়া ও বেসামাল হয়ে পড়ে। মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর ঘটনা ‘তারই নমুনা’।

অবিলম্বে মির্জা ফখরুলের মুক্তির দাবি জানিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “আমি দেশের একজন সজ্জন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে এই মুহূর্তে মুক্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা কর্মসূচি ঘোষণা করব।”

রিজভী বলেন, মির্জা ফখরুলের মহাসচিব হওয়ার খবরে নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছিলেন।

“কিন্তু এই সংক্ষিপ্ত আনন্দের সময়টুকু বরদাশত করেনি। কোনো ধরনের রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হয়েছে, সেটাও নয়। মিথ্যা মামলা দেওয়া হয়েছিল... সেই মামলার শুনানি, সেখান থেকেই গ্রেপ্তার করা হলো।”

অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, নাদিম মোস্তফা, খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।