২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলের বার্তা নিয়ে শুক্রবার মাঠে নামছে বিএনপি

‘দুর্নীতি দুঃসময় হবেই শেষ- গণতন্ত্রের বাংলাদেশ’ স্লোগান নিয়ে ষষ্ঠ জাতীয় কাউন্সিলের বার্তা প্রচারে শুক্রবার থেকে মাঠে নামছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 07:53 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

বৃহস্পতিবার রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে কাউন্সিল প্রস্তুতি কমিটির ব্যবস্থাপনা ও প্রচার উপ-কমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায় এই প্রচার কার্যক্রমের উদ্বোধন করে কাউন্সিলের লোগো (প্রতীক) আনুষ্ঠানিকভাবে উম্মোচন করেন।

লোগোতে মুক্তিযুদ্ধের প্রতীক জাতীয় স্মৃতিসৌধের পাশে লাল-সবুজের পতাকা এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ রয়েছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমরা অন্ধকারে আছি, আলোতে যেতে চাই। কোথাও কোনো গণতন্ত্র নেই। আমরা এবারের কাউন্সিলের মাধ্যমে নেই গণতন্ত্র ফিরে পেতে চাই।”

তিনি বলেন, “আমাদের প্রত্যাশা, এই কাউন্সিলের মাধ্যমে ত্যাগী, পরীক্ষিত, যোগ্য ও পোড় খাওয়ার নেতারা যোগ্যতা অনুযায়ী পদ পাবেন এবং অতীতে যারা ব্যর্থ হয়েছেন তাদের অবশ্যই সেই পদ থেকে অপরাসরণ করে যথাযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা হবে।

“তাহলে আগামী দিনে নিখোঁজ গণতন্ত্রের পথ চলা শেষ হবে।”

নয়া পল্টনে এই সংবাদ সম্মেলনে জানানো হয়, কাউন্সিল উপলক্ষে ব্যাপক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করা হবে।

প্রচার উপ-কমিটির সদস্য শামা ওবায়েদ বলেন, “আমরা আজ থেকে ফেইসবুক একাউন্ট খুলেছি। ১৯ মার্চের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সর্বশেষ তথ্য এই ফেইসবুকে পাওয়া যাবে। নতুন ফেইসবুক একাউন্ট হচ্ছে – https: facebook.com/bnpcouncil।”

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে কাউন্সিলের লোগো ও পোস্টার এবং উদ্দেশ্যগুলো উপস্থাপন করা হয়। এতে ‘একদলীয় গণতন্ত্র, রাজনৈতিক অসমতা, দুর্নীতি, দুঃশাসন, মিথ্যা’ প্রভৃতি অবসানে তৈরি স্লোগান ও পোস্টার প্রদর্শন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কাউন্সিল উপলক্ষে তৈরি করা হয়েছে সাদা টি-শার্ট। এগুলো নেতা-কর্মীরা পরবেন। এই টি শার্ট এর ডানদিকে আসন্ন কাউন্সিলের লোগো এবং বাম দিকে ২০১৩ সালের প্রস্তাবিত লোগো রয়েছে।

গয়েশ্বর বলেন, “প্রতি তিন বছর অন্তর দলের কাউন্সিল হওয়ার বাধ্যবাধকতা থাকলেও আমরা ২০১৩ সালে সকল প্রস্তুতি নিয়েও কাউন্সিল করতে পারিনি। ওই সময়ে কাউন্সিলের ঠিক পূর্ব মুহূর্তে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ রাতের অন্ধকারের তল্লাশি চালিয়ে ১৫৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

“ওই কাউন্সিল আমাদের করতে দেওয়া হয়নি। সেসময়ে কাউন্সিলের জন্য তৈরি লোগো সম্বলিত টি-শার্ট প্রস্তত করা হয়েছিলো, যা আমরা এবার ব্যবহার করছি ২০১৬ সালে কাউন্সিলের লোগো পাশে রেখে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, কাউন্সিল উপলক্ষে দলের ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের জন্য আলাদা পোস্টার ও স্লোগান তৈরি করা হয়েছে।

স্লোগানগুলো হচ্ছে, যুব দল-‘তারুণ্যে যারা অকুতোভয়, তারাই আনবে সূর্যোদয়’, কৃষক দল- ‘ফলাবো ফসল, গড়বো দেশ, গণতন্ত্রে বাংলাদেশ’, মুক্তিযোদ্ধা দল- ‘মুক্তিযুদ্ধের মূলমন্ত্র, মুক্ত করো গণতন্ত্র’, শ্রমিক দল- ‘শ্রম দিয়ে শিল্প গড়বো, দেশের আঁধার ঘুচিয়ে দেবো’, মহিলা দল– ‘চেতনায় নারী, বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’, ছাত্র দল- ‘বাঁচতে চাই, পড়তে চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই’, স্বেচ্ছাসেবক দল- ‘আলোর দিন দূরে নয়, করতে হবে আঁধার জয়’ জাসাস- ‘গাইবো মোরা গণতন্ত্রের গান, দুঃশাসনের হবেই অবসান,’ তাঁতী দল- ‘শক্ত হতে বাঁধো তাঁত, কাটাতে হবে আঁধার রাত, মৎস্যজীবী দল- ‘জালের টানে ঘুচবে আঁধার, বাংলাদেশ সবার’ এবং উলামা দল- ‘জিয়ার আর্দশে দেশ গড়বো, ধর্মীয় স্বাধীনতা বজায় রাখবো’।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুঁইয়া, জহিরুল ইসলাম শাহজাদা মিয়া, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা, ইশতিয়াক আজিজ উলফাত, বেলাল আহমেদ, মুনির হোসেন, আনোয়ার হোসাইন, মনির খান, রাজীব আহসান, আবদুল কালাম আজাদ, আবদুল আউয়াল খান, মিজানুর রহমান লিটু, মাহবুবুল হক নান্না, মীর রবিউল ইসলাম লাবলু, খান রবিউল ইসলাম রবি ও আমীনুল ইসলাম উপস্থিত ছিলেন।