মীর কাসেমের ফাঁসি বহাল: এবারও ‘প্রতিক্রিয়াহীন’ বিএনপি
একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালের পর আগের মতোই কোনো প্রতিক্রিয়া নেই বিএনপির।
যুদ্ধাপরাধে দলের নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দণ্ড কার্যকরের সময় তার পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করা দলটি যুদ্ধাপরাধে জামায়াতের একাধিক নেতার প্রাণদণ্ড ঘোষণা ও রায় কার্যকর হলেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মীর কাসেমকে ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ সাজা বহালের ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে আলাপ করা হলেও তারা এই রায়ের ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপি’র শীর্ষ পর্যায়ের এক নেতা বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সম্পর্কে আইনজীবীরা বলছেন, আমরা এ বিষয়ে কোনো কথা বলব না। আমরা কাউন্সিল নিয়ে ব্যস্ত।”
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে আসা নেতা-কর্মীদের মধ্যেও এই রায়ের ব্যাপারে কোনো উৎসাহ দেখা যায়নি।
মীর কাসেম আলী, মঙ্গলবার যুদ্ধাপরাধে আপিলের চূড়ান্ত রায়ে তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়
সিলেটের বিয়ানীবাজার যুবদলের সদস্য আহমেদ রহিম বলেন, “আজ একটা রায় হয়েছে শুনেছি। আবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীরা র্যা লি করছেন, ব্যান্ড দল গান করছে। কোনোটাতেই আমার কোনো আগ্রহ নেই। এসেছি দলের কাউন্সিলর কার্ড নিতে।”
যুদ্ধাপরাধী মামলায় অভিযুক্ত জামায়াতের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লার ফাঁসির পরও বিএনপির নেতারা ‘নিশ্চুপ’ ছিলেন। এবারো তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ কয়েকজনকে হত্যার দায়ে মীর কাসেমের ফাঁসির রায় এসেছে, আরও ছয় অভিযোগে হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এইরায় ঘোষণা করে।
জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও দলটির ‘অর্থ যোগানদাতা মীর কাসেম এখন কেবল ওই রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। তা নাকচ হয়ে গেলে এবং রাষ্ট্রপতির প্রাণভিক্ষা না পেলে তাকে ফাঁসির দড়িতেই ঝুলতে হবে।
