২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কাউন্সিল: উপ-কমিটিগুলোর কাজ শুরু

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের প্রস্তুতির জন্য করা উপ-কমিটিগুলোর কাজ শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 08:13 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

মার্চের প্রথম সপ্তাহের মধ্যে উপ-কমিটিগুলোর কাজের অগ্রগতি প্রতিবেদন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে জমা দেওয়ার তাগাদা দেওয়া হয়েছে।

বুধবার গুলশানের কার্যালয়ে ড্রাফটিং উপ-কমিটির বৈঠক হয়েছে। বৃহস্পতিবার সকালে সেখানেই গঠনতন্ত্র ও ঘোষণাপত্র উপ-কমিটির সভা হওয়ার কথা।

ড্রাফটিং উপ-কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বৈঠকে কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের বিষয়বস্তু, শোক প্রস্তাব প্রণয়নসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপ-কমিটির সদস্য শামসুজ্জামান দুদু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এ বি এম মোশাররফ হোসেন, জয়ন্ত কুণ্ড, শহীদুল ইসলাম বাবুল, রাবেয়া সিরাজ, রওশন আরা ফরিদ, হুমায়ুন কবির বুলবুল, মোর্শেদ হাসান খান, কামরুজ্জামান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১৯ মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে কোথায় কাউন্সিল হবে সে বিষয়টি এখনও সুরাহা হয়নি প্রশাসনের অনুমতি না মেলায়।

সর্বশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির পঞ্চম কাউন্সিল হয়েছিল। এবারও সেখানে কাউন্সিল করার অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে দলটি।