২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টিকে খেলানো হচ্ছে: হান্নান

সরকারে থাকা-না থাকা নিয়ে জাতীয় পার্টির এরশাদপন্থি ও রওশনপন্থিদের চলমান দ্বন্দ্বকে ‘নাটক’ আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, এর পেছনে অন্য কেউ রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 08:27 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক ‘স্বৈরশাসক’ হুসেইন মুহম্মদ এরশাদের কাছ থেকে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতা-কর্মীরা এক সময় ‘সুযোগ-সুবিধা ভোগ’ করেছেন বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার ঢাকায় এক আলোচনা সভায় হান্নান শাহ বলেন, “বর্তমান সরকারের কর্ণধাররা স্বৈরাচারের সময়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন, বিএনপি করে নাই।

“সেই স্বৈরাচারকে সঙ্গে নিয়ে এখন শেখ হাসিনা ওয়াজেদ সরকার চালাচ্ছে। আমরা জাতীয় পার্টির যে বিভিন্ন নাটক-তা সবই দেখছি। এই নাটক কিন্তু জাতীয় পার্টি খেলছে না”।

হান্নান আরও বলেন, “যারা বর্তমান সরকারে আছেন ও যারা তাদের সরকারে বসিয়েছেন- এরা কারা? জনগণ জানে নির্বাচন সময়কার ভারতের পররাষ্ট্র সচিব স্পষ্টভাষায় বলে গিয়েছিলেন, তারা আওয়ামী লীগকে সমর্থন দিয়ে পরবর্তী সরকার বানাবে।”

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নাটকীয়তার এক পর্যায়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বিএনপির মতোই ভোট বর্জনের ঘোষণা দেওয়ার পর দলের একাংশ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়।

বর্জন করেও এরশাদ আইনের মারপ্যাঁচে ভোটে জিতে যান। জাতীয় পার্টি সংসদের বিরোধী দল হয়, এরশাদের স্ত্রী রওশন এরশাদ হন বিরোধী দলীয় নেতা। বিরোধী দল হলেও সরকারের মন্ত্রিসভায়ও যোগ দেন পার্টির রওশনপন্থি কয়েকজন নেতা।

সম্প্রতি রওশনপন্থিদের বিরোধিতার মধ্যেই এরশাদ নিজের ভাই জি এম কাদেরকে পার্টির কো চেয়ারম্যানের দায়িত্ব দেন, মহাসচিব পদে ফিরিয়ে আনেন দীর্ঘদিনের আস্থাভাজন রুহুল আমিন হাওলাদারকে।

পার্টির ভেতরে এ টানা-পোড়েনের সময় সরকারের শরিক হিসেবে মন্ত্রিসভায় থাকা-না থাকা নিয়ে পার্টির দুই পক্ষকে গণমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতি দিতে দেখা যায়।

জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে যুবদল আয়োজিত আলোচনা সভায় দেশে ‘রাজতন্ত্র’ কায়েম হয়েছে বলে মন্তব্য করেন হান্নান শাহ।

“অবস্থাটা এখন এমন যেন দেশে রাজতন্ত্র কায়েম হয়ে গেছে। যা বলবে, সেটাই হুকুম। ভিন্নমত ও বিরোধী দলকে রুখতে এটা তাদের নীতি। দেশের মানুষ জানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। তাই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদেরকে আঙ্গুল বাঁকা করতে বলবেন না।

“গণতান্ত্রিক পন্থায় আমরা ভোটের মাধ্যমে পরিবর্তন চাই। আপনারা যেমন বুলেটের মাধ্যমে আমাদের মোকাবিলা করছেন, আমরা ব্যালটের মাধ্যমে করতে চাই। আর যদি না করেন, নিজেরাই চিন্তা করুন, আপনাদের ভবিষ্যৎ কী হবে? সেদিন কিন্তু সুখময় হবে না।”

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলাকে ‘মিথ্যা মামলা’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের আহ্বান জানান অবসরপ্রাপ্ত এই সেনাবাহিনী কর্মকর্তা।

‘গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে’ যুবদলের নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান বিএনপি নেতা হান্নান শাহ।

সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান, কে এস আই থলিল, আকম মোজ্জাম্মেল হক, আলী আকবর চুন্নু, মাসুকুর রহমান মাসুক, খালেক হাওলাদারসহ অন্যরা বক্তব্য রাখেন।

পুরনো খবর:

সরকারে থাকবে জাপা: রওশন
‘অস্পষ্টতা’ দূর করতে চান জি এম কাদের
সংসদের দুই বছর: এখনও পরিচয় সঙ্কটে বিরোধী দল
রওশনদের ছাড়াই জাপার বৈঠক, ‘সরকার ছাড়ার’ ঐকমত্য