২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারে থাকবে জাপা: রওশন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সরকার থেকে বের হওয়ার পক্ষপাতি হলেও তাতে নারাজ তার স্ত্রী দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 09:05 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকরা বিরোধীদলীয় নেতা রওশনের কাছে জানতে চান, তার দল সরকার থেকে বেরিয়ে আসছে কি না?

এক কথায় ‘না’ উত্তর আসে অভ্যন্তরীণ দ্বন্দ্বে বেসামাল জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্যের কাছ থেকে।

বিএনপিবিহীন দশম সংসদে বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টির তিন নেতা মন্ত্রী ও প্রতিমন্ত্রী হয়েছেন।

এর ফলে সংসদে কার্যকর বিরোধী দল নেই বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। এরশাদও স্বীকার করেছেন, তাদের অবস্থান জনগণের কাছে স্পষ্ট নয়।    

দশম সংসদের দুই বছর পূর্তির আগের দিন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে যান বিরোধীদলীয় নেতা রওশন।

জাতীয় পার্টির সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা হয়েছে কি না- জানতে চাইলে রওশন বলেন, “সেটা নিয়ে তার সঙ্গে কেন আলোচনা করব? ওটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।”

Image
রওশন এরশাদ (ফাইল ছবি)

রওশন এরশাদ (ফাইল ছবি)

এরশাদ তার ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টিতে তার উত্তরসূরি ঘোষণার পর থেকে দলটিতে অস্থিরতা চলছে। এর পাল্টায় রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার পর এরশাদ মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে সরিয়ে দেন।

এই দুই সিদ্ধান্ত নিয়ে রওশনের আপত্তি রয়েছে। নিজের আপত্তির বিষয়টি তিনি জানানোর পর তা প্রত্যাখ্যান করেছেন এরশাদ।

জি এম কাদেরকে কো-চেয়ারম্যান করার বিষয়টি মেনে নিয়েছেন কি না- জানতে চাইলে রওশন বলেন, “নতুন নেতৃত্ব আসতেই পারে। নতুন লোকজন আসতে পারে। এটা একটা নরমাল ঘটনা।”

শেখ হাসিনার কার্যালয়ে ১০ মিনিট ছিলেন রওশন। সেখান থেকে নিজের কার্যালয়ে ফেরার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি।  

ময়মনসিংহের মেয়ে রওশন বলেন, “ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ব্রহ্মপুত্র নদ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।”

পুরনো খবর:

‘অস্পষ্টতা’ দূর করতে চান জি এম কাদের
এরশাদের সিদ্ধান্ত অগণতান্ত্রিক: রওশন
রওশনকে এরশাদের চিঠি