২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের সিদ্ধান্ত অগণতান্ত্রিক: রওশন

জাতীয় পার্টিকে গণতান্ত্রিক দল দাবি করে দলের চেয়ারম্যান স্বামী এইচ এম এরশাদের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ এনেছেন রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 09:36 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

পুরনো খবর:

আমিই চেয়ারম্যান, রওশন অবৈধ: এরশাদ
ভাইকে উত্তরসূরি ঘোষণা করলেন এরশাদ
রওশনকে জাপার ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ ঘোষণা করলেন বাবলু

শনিবার বিরোধী দলীয় নেতার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে রওশন বলেন, “জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল হিসেবে দেশের সর্বস্তরের জনগণ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

“এমন একটি সু-প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে হুসেইন মুহাম্মদ এরশাদ এমপি, পার্লামেন্টারি পার্টি এবং প্রেসিডিয়াম সদস্যসভার আলোচনা ছাড়াই কো-চেয়ারম্যান অর্থাৎ ভবিষ্যৎ পার্টির চেয়ারম্যান ও মহাসচিব পদসহ পার্টির গুরুত্বপূর্ণ ২টি পদে যে পরিবর্তন করেছেন তা রাজনৈতিক দলের নীতি সিদ্ধ নয় ও অগণতান্ত্রিক।”

এরশাদ সম্প্রতি ছোট ভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ও উত্তরসূরি ঘোষণা করায় জাতীয় পার্টিতে নতুন করে দ্বন্দ্ব দেখা দিয়েছে। রংপুরে এরশাদের ওই ঘোষণার পরদিন রাতে ঢাকায় রওশনের বাসায় পার্টির সরকার সমর্থক সাংসদ ও সভাপতিমণ্ডলীর নেতাদের একাংশের 'যৌথ সভা' থেকে এরশাদের সিদ্ধান্তকে ‘গঠনতন্ত্রবহির্ভূত’ ঘোষণা করা হয়।

সেইসঙ্গে এরশাদের স্ত্রী বিরোধী দলীয় নেতা রওশনকে দলের ‘ভারপ্রাপ্ত চেয়ারপারসন’ করা হয় বলে সেদিন জানিয়েছিলেন পার্টির সে সময়ের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এর জের ধরে পরদিন বাবলুকে সরিয়ে রুহুল আমিন হাওলাদারকে দলের মহাসচিবের পদে ফিরিয়ে আনেন এরশাদ।

Image
রওশন এরশাদ (ফাইল ছবি)

রওশন এরশাদ (ফাইল ছবি)

তবে ওই রাতের সভায় দলের ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে বিবৃতিতে বলেছেন রওশন।

“ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে পার্টিতে ও জনমনে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সেটি সঠিক নয়, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে যৌথসভায় এ ধরনের কোনো আলোচনা হয়নি।”

এরশাদ হাওলাদারকে মহাসচিবের পদে ফিরিয়ে আনার যে ঘোষণা দিয়েছেন তা নিয়ে আপত্তি রয়েছে দলটির সংসদ সদস্যদের।

এ প্রেক্ষাপটে এরশাদের প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন রওশন: “জাতীয় পার্টির বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং এ দলকে ভবিষ্যতে আরো সুসংগঠিত ও সুসংহত করার লক্ষ্যে পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন তা পুনর্বিবেচনা করবেন।”

দলের স্বার্থে ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলীয় ফোরামে আলোচনার বিষয়ে স্বামীর সুমতি প্রত্যাশা করেছেন তিনি।

“জাতীয় পার্টির মত পুরাতন দলের বৃহত্তর ঐক্য বজায় রাখার লক্ষ্যে দলের ঊর্ধ্বতন পর্যায়ে নেতৃত্ব পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন করার ক্ষেত্রে দলের সিদ্ধান্তগ্রহণকারী বিভিন্ন কমিটির সাথে আলোচনা স্বাপেক্ষে তা করবেন।”