স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন মির্জা ফখরুল
বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।
সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরাকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
ঘাড়ের ক্যারোটিভ আর্টারিতে ব্লক অপসারণের চিকিৎসায় থাকা এই বিএনপি নেতাকে দলের কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন আলম, শামীমুর রহমান শামীম, কামরুজ্জামান রতন, শহিদুল ইসলাম বাবুলসহ একদল নেতাকর্মী বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
গত ২৮ জানুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সেখানে র্যাফেলস হাসপাতালে বিশেষজ্ঞ চিকিসকদের দেখান ও স্বাস্থ্য পরীক্ষা করেন।
বিমানবন্দরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। আমার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।”
এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, “মার্চে দলীয় কাউন্সিলের প্রাথমিক কাজ চলছে। কমিটি গঠনের কাজও শুরু হয়েছে।”
নাশকতার কয়েকটি মামলায় ২০১৫ সালের ৬ জানুয়ারি গ্রেপ্তারের পর প্রায় সাত মাস কারাগারে ছিলেন ফখরুল।
বিএনপির এই শীর্ষ নেতার ঘাড়ে ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়ায় সুপ্রিম কোর্ট তার অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে গত বছরের জুলাই মাসে তাকে জামিন দেয়।
এরপর ২৭ জুলাই সিঙ্গাপুর গিয়ে সেখানকার চিকিৎসকদের পরামর্শে যুক্তরাষ্ট্রে যান, পরে ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে সিঙ্গাপুরে গিয়ে ২১ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি।
এরপর গত বছরের ১৭ অক্টোবর চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুর গিয়ে কয়েকদিন পর দেশে ফেরেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল।
