চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরাকে নিয়ে সিঙ্গাপুর রওনা হন এই বিএনপি নেতা।
সিঙ্গাপুরে র্যাফেলস হাসপাতালে চিকিৎসা চলবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।
যাত্রার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি বিশেষজ্ঞ চিকিসককে দেখাতে তিনদিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছি। গত মাসেই আমার যাওয়ার তারিখ ছিল, কিন্তু কাজের ব্যস্ততায় যেতে পারিনি।”
সর্বশেষ গত বছরের ১৭ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এই বিএনপি নেতা। এর আগে ২৭ জুলাই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। পরে চিকিৎসকদের পরামর্শে যুক্তরাষ্ট্রে যান। এরপর ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে সিঙ্গাপুরে যান তিনি।
নাশকতার কয়েকটি মামলায় ২০১৫ সালের ৬ জানুয়ারি গ্রেপ্তারের পর প্রায় সাত মাস কারাগারে ছিলেন ফখরুল।
বিএনপির এই শীর্ষ নেতার ঘাড়ে ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়ায় সুপ্রিম কোর্ট তার অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে গত জুলাই মাসে তাকে জামিন দেয়।
