২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুরে ফখরুল

জামিনে মুক্তি নিয়ে এক দফায় ঘুরে আসার পর চিকিৎসার জন্য ফের বিদেশে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 09:50 AM

Updated : 22 Aug 2022, 01:32 PM

শনিবার সকালে বিমানের নিয়মিত একটি ফ্লাইটে সিঙ্গাপুর রওনা হন এই বিএনপি নেতা। তার সঙ্গে স্ত্রী রাহাত আরাও রয়েছেন।

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ফখরুল বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন এবং স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

আগামী ২১ অক্টোবর ভারপ্রাপ্ত মহাসচিব দেশে ফিরবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও বিদেশে রয়েছেন। তার ফেরার দিন এখনও ঠিক হয়নি। 

মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় তার চিকিৎসা নিতে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের দেখিয়ে কোরবানির ঈদের আগে গত ২১ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন ফখরুল।

দুটি ব্লক থাকলেও রক্ত সঞ্চালন মোটামুটি অব্যাহত থাকায় এবং ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা না থাকায় অস্ত্রোপচার না করার পক্ষে মত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।

বছরের শুরুতে গ্রেপ্তার হয়ে নাশকতার কয়েকটি মামলায় প্রায় সাত মাস কারাগারে ছিলেন বিএনপির মুখপাত্র। অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ আদালত জামিন দিলে গত জুলাই মাসে ছাড়া পান তিনি।

এরপর ২৭ জুলাই তিনি সিঙ্গাপুরে যান, সেখান থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। পরে সিঙ্গাপুর হয়ে দেশে ফেরেন তিনি।

ফখরুলের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে, তা রাজনৈতিক হয়রানিমূলক বলে বিএনপির দাবি।

পুরনো খবর:

ফখরুলের বিরুদ্ধে নাশকতার মামলায় অভিযোগ গঠন ফের পেছালো
মির্জা ফখরুল ফিরেছেন