২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণহত্যা আড়াল করতেই খালেদার বক্তব্য:  হানিফ

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের গণহত্যার বিষয়টি আড়াল করতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধ এবং শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 02:12 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে হানিফ ভবিষ্যতে মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় ও শহীদদের নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ার করেন।

বিএনপিপ্রধানের সমালোচনা করে তিনি বলেন, “উনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন না, স্বাধীনতাকে ধারণ করেন না। তখনও উনি পাকিস্তানি ছিলেন, এখন ২০১৬ সালেও, খালেদা জিয়া পাকিস্তানি।

“(খালেদা জিয়া) পাকিস্তানের ধ্যান-ধারণাকে লালন করেন। পাকিস্তানের ভাবধারা প্রতিষ্ঠা করার কাজে লিপ্ত রয়েছেন। পাকিস্তানের চালানো গণহত্যাকে আড়াল এবং মুক্তিযুদ্ধকে খাটো করতেই এই অপচেষ্টা।”

শহীদদের সংখ্যা একটি ‘মীমাংসিত বিষয়’ উল্লেখ করে হানিফ বলেন, “এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করায় গোটা জাতি বিস্মিত হয়েছিল। মানুষ প্রথমে ভেবেছিল খালেদা জিয়া মুখ ফসকে বা একক কোনো চিন্তা থেকে এই বক্তব্য দিয়েছেন।

কিন্তু পরবর্তীতে তার দলের নেতারা একই সুরে কথা বলা শুরু করেছেন, তখন জনগণ বুঝতে পারল এটি আমাদের মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বকে নিয়ে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।” 

গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।”

এই মন্তব্যের কারণে গত রোববার ঢাকার একটি আদালতে খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদী।

তার মামলা আমলে নিয়ে ঢাকার হাকিম আদালত খালেদা জিয়াকে আগামী ৩ মার্চ হাজির হয়ে অভিযোগের বিষয়ে নিজের ব্যাখ্যা দিতে বলেছে।

খালেদার মামলার দিকে ইঙ্গিত করে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “…আইন দিয়ে অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হয়রানি করার যে রাষ্ট্রীয় চেষ্টা, সেই চেষ্টাও করা হচ্ছে।”

এই মামলাকে হয়রানি বলা যাবে না বলে মন্তব্য করে হানিফ বলেন, “মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করার জন্য সাধারণ মানুষ ক্ষেপে গিয়ে খালেদার বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলাকে কেন্দ্র করে বিএনপি দাবি করছে- জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য এবং হয়রানি করতে এ মামলা করা হয়েছে।

“আওয়ামী লীগ হয়রানির রাজনীতিতে বিশ্বাসী নয়, গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু এটাও মনে রাখতে হবে- আইনের ঊর্ধ্বে কেউ নয়। যারা স্বাধীনতায় আঘাত করে, সার্বভৌমকে হুমকির মুখে ঠেলে দিতে চায়, তাদের বিরুদ্ধে মামলাকে হয়রানিমূলক বলা যাবে না। মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশে বসবাস করার কোনো সুযোগ নেই।”

রাজনৈতিক ‘দেউলিয়াত্ব’ থেকে উত্তরণের জন্যই বিএনপি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযুদ্ধকে বেছে নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ বি তাজুল ইসলাম, সদস্য এস এম কামাল প্রমুখ।