‘সাধারণ মানুষই ছিলেন ঊনসত্তরের নায়ক’
বায়ান্নোর ভাষা আন্দোলনের জাতীয়তাবোধের চেতনা জাগ্রত হওয়ার পর বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ঊনসত্তরের অভ্যুত্থানের নায়কের কৃতিত্ব সাধারণ মানুষকে দিয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান।
উনসত্তরের গণঅভ্যুত্থান দিবসে অগ্নিগর্ভ ওই সময়ের ইতিহাস নিয়ে রোববার একটি বইয়ের প্রকাশনা উৎসবে অধ্যাপকের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেননি অনুষ্ঠানে উপস্থিত ওই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রনেতাদের কেউই।
এই নেতাদের মধ্যে ছিলেন ডাকসুর তৎকালীন ভিপি তোফায়েল আহমেদ, ছাত্রলীগের তৎকালীন সভাপতি খালেদ মোহাম্মদ আলী, ছাত্র ইউনিয়নের তৎকালীন সাধারণ সম্পাদক মো. শামসুদ্দোহা, তখনকার ছাত্রনেতা পঙ্কজ ভট্টাচার্য, নূহ-উল-আলম লেনিন, মুজাহিদুল ইসলাম সেলিম, আয়েশা খানম, মাহবুব জামান।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “এখানে সেই সময়কার নেতারা বসে আছেন, আমি তাদের নায়ক বলছি না। কারণ আসল নায়ক হচ্ছে সাধারণ মানুষ আর সাধারণ ছাত্ররা।
“যারা সেদিন সমস্ত রকম অত্যাচারের মুখোমুখি হয়েছে। এমনকি নেতারা যখন সান্ধ্য আইন ভাঙব কি ভাঙব না, সেটার বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছিলেন, তখন সাধারণ মানুষ কোনো পরিণাম চিন্তা করে সান্ধ্য আইন ভেঙে বেরিয়ে এসেছেন। যদিও তাদের নাম আলাদা করে কেউ মনে রাখবে না।”
১৯৬৯ সালে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের পতনের দাবিতে তুঙ্গে উঠেছিল আন্দোলন। ১১ দফা দাবিতে ছাত্র সংগঠনগুলো ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলনে নামার পর তাদের ডাকে সাড়া দিয়েছিল সাধারণ মানুষ।
২০ জানুয়ারি ছাত্রনেতা আমানুল্লাহ মো. আসাদুজ্জামান (আসাদ) শহীদ হওয়ার পর আন্দোলন তীব্র হয়। রাজনৈতিক দলগুলোও জোট বাঁধে। আন্দোলনের চাপেই আইয়ুব খানের পতন ঘটে। শেখ মুজিবুর রহমানসহ রাজবন্দিরা মুক্তি পান।
মুক্তির পর পল্টনে জনসভায় ছাত্রসমাজের পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় শেখ মুজিবকে, এরপর তার নেতৃত্বে স্বাধীনতার পথে এগিয়ে যায় বাংলাদেশ।
ওই সময়ের ইতিহাসকে বইয়ের পাতায় নিয়ে আসা তৎকালীন বামপন্থি নেতা শেখর দত্ত নিজের বই ‘ষাটের দশকের গণজাগরণ : ঘটনা প্রবাহ পর্যালোচনা প্রভাব’ উৎসর্গ করেছেন বঙ্গবন্ধুকে। বইটি প্রকাশ করেছে মনি সিংহ-ফরহাদ ট্রাস্টের প্রতিষ্ঠান ‘সমাজ বিকাশ প্রকাশনী’।
পুরানা পল্টনের মনি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শেখর দত্ত বলেন, “তখন হয়ত আমরা বঙ্গবন্ধুকে ঠিক ওভাবে মানতাম না, এটা আমার ব্যক্তিগত অবস্থান ছিল। সেই মানার দায় কিছুটা মেটানোর জন্য সেই মহানায়কের উদ্দেশে বইটি উপহার দিয়েছি।”
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আনিসুজ্জামান ওই আন্দোলনে ছাত্রনেতাদের ভূমিকার প্রশংসা করে বলেন, “ছাত্রদের মধ্যে তারা যে ঐক্য গড়ে তুলেছিলেন, সেটা পরে জাতীয় ঐক্যে রূপ নিয়েছিল। সেই নিদর্শন একটা অসাধারণ ব্যাপার।
ঊণসত্তরের গণঅভ্যুত্থানের প্রতীক হয়ে আছে এই ছবিটি
“এতগুলো দল-মতের মানুষকে এক জায়গায় করা, আইয়ুবের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশনের একটি বড় অংশও বিচ্যুত হয়ে সরকারের পৃষ্ঠপোষকতা প্রত্যাশা করে আন্দোলনে শরিক হয়েছিল। এই ঐক্যের প্রতিফলনেই আমরা মুক্তিযুদ্ধের সময় দেখি।”
অনুষ্ঠানে তখনকার ছাত্রনেতা বর্তমানে সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল ওই সময় সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়ার ঘটনা স্মরণ করে বলেন, “তখন জনতা ও ছাত্রদের একটাই স্লোগান উঠেছিল, রাজবন্দিদের মুক্ত না করে আমরা ঘরে ফিরব না আর শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। শেষ পর্যন্ত আমরা প্রমাণ করেছি, আমরা কোনো কিছু বৃথা যেতে দিইনি।”
“সত্যিকারের ইতিহাস তুলে ধরার চেষ্টা এখানে (বইয়ে) করা হয়েছে। সেটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা মনে রাখি না, ভুলে যাই,” বইটির গুরুত্ব তুলে ধরেন এই রাজনীতিক।
দশকের ভিত্তিতে ইতিহাস লেখার পরামর্শ
ঊনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে শেখর দত্তের এই বইয়ের মতো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে দশকের ভিত্তিতে আলাদা বই লেখার পরামর্শ দিয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান।
তিনি বলেন, “আমাদের দেশের ইতিহাসে প্রত্যেক দশকেরই নিজস্ব চরিত্র আছে। প্রত্যেক দশকেরই একটা কেন্দ্রবিন্দু আছে। সেটা শুরুতে হোক বা শেষে হোক। বায়ান্নোর ভাষা আন্দোলন দিয়ে পঞ্চাশের দশক শুরু হয়েছিল, চুয়ান্নোর নির্বাচনের কথা সেখানে আসবে।
“ষাটের দশক রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ দিয়ে শুরু, গণঅভ্যুত্থান দিয়ে শেষ। সত্তরের দশক আমাদের মুক্তিযুদ্ধের দশক এবং বাংলাদেশের স্বাধীনতা এবং প্রতিবিপ্লবের সময়।”
এসবের ঘটনাপ্রবাহ তুলে ধরে ও বিশ্লেষণ করার মাধ্যমে প্রভাব নির্ণয় করতে পারলে তা বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ ‘আকর গ্রন্থ’ হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।
ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ষাটের দশকের পরিপূর্ণ ইতিহাস রচনায় রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ উদযাপন, সাংস্কৃতিক আন্দোলন এবং গণঅভ্যুত্থানের সংযোগ সাধন করা প্রয়োজন। সেসব ঘটনাপ্রবাহের একটি সংক্ষিপ্ত রূপ এই বইয়ে স্থান পেয়েছে।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “বিকৃতির হাত থেকে রক্ষা করতে আমরা ষাটের দশকের মানুষরা বেঁচে থাকাবস্থায় ইতিহাসগুলো লিখে ফেলা জরুরি।”
শেখর দত্তের কাজটি ‘গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে তিনি বলেন, “তার বইয়ে ইতিহাসের বিস্তারিত বর্ণনা না থাকলেও ঘটনাপ্রবাহের ধারাবাহিক উল্লেখ আছে। সেখান থেকে ঘটনাপ্রবাহ নিয়ে অন্যরা সেটাকে নতুনভাবে বিশ্লেষণ এবং পর্যালোচনা করতে পারবে।”
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, “আমরা যারা ষাটের দশকে আন্দোলনের সঙ্গে ছিলাম, এই প্রজন্ম আমাদের মুখ থেকে সেই সময়কার ঘটনাপ্রবাহ শুনতে চায়। সেজন্য ইতিহাসকে বেশি পরিমাণে তুলে আনা দরকার।”
কথাসাহিত্যিক সেলিনা হোসেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
