২০ দলের শরিক ইসলামিক পার্টিতে নতুন নেতৃত্ব
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক ইসলামিক পার্টির নতুন কমিটিতে আবু তাহের চৌধুরী চেয়ারম্যান ও মহাসচিব হয়েছেন মো. আবুল কাশেম।
ব্যারিস্টার ছায়েদুল হাসান ইকবাল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অপরাগতা প্রকাশ করায় দলের সর্বোচ্চ ফোরাম স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
রোববার ইসলামিক পার্টির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার পার্টির এক জরুরি সভায় ছায়েদুল হাসান ইকবাল অনিবার্য কারণবশত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করায় নতুন নেতৃত্ব মনোনীত করা হয়।
ছায়েদুল হাসান ইকবাল পার্টির উপদেষ্টামণ্ডলীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
