‘একজন চুরি করে ভোট, আরেকজন পরিসংখ্যান’
আওয়ামী লীগ সরকারকে ‘ভোট চোর’ এবং নির্বাচন কমিশনকে ‘পরিসংখ্যান চোর’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন ও গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে প্রসঙ্গ তুলে এ আখ্যা দেন তিনি।
রিজভী বলেন, “মিথ্যার ওপর বসে থাকা সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের মতো করে সাজিয়ে রেখে জনগণের সাথে তামাশা ও ইয়ার্কি করছে। গত ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে যে সহিংসতা ভোট ডাকাতির চিত্র মানুষ দেখেছে সেটিকে উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশন বলছে যে এই নির্বাচনে নাকি ৭৪ শতাংশ ভোট পড়েছে।
“সুহৃদ সাক্ষী মাতাল বলে একটা কথা আছে। সরকার হচ্ছে ভোট ডাকাত। তারা ভোটারবিহীন নির্বাচন করে জোর করে ক্ষমতায় আছে। আর তাদের সহায়তাকারী নির্বাচন কমিশন হচ্ছে থিফ অব স্ট্যাটিস্টিকস। একজন হচ্ছে ভোট চোর, আরেকজন হচ্ছে পরিসংখ্যান চোর।”
নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে খালেদার দল বিএনপি ও তার শরিকরা। নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ, আর দীর্ঘদিন পর বিএনপিকে সংসদের বাইরে থাকতে হয়।
৩০ ডিসেম্বরের ২৩৪ পৌরসভা নির্বাচনের পরদিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, স্থগিত কেন্দ্রের পৌরসভাগুলো বাদ দিলে এবার পৌর নির্বাচনে মেয়র পদে গড়ে ৭৪ শতাংশ ভোট পড়েছে।
ভোটের পর কমিশনের হাতে আসা তথ্য সমন্বয় করে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, “মেয়র পদে ২০৭টি পৌরসভায় গড়ে ৭৩.৯২ শতাংশের বেশি ভোট পড়েছে।”
বেসরকারিভাবে প্রকাশিত ২২৭টি মেয়র পদের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক জিতেছে ১৭৭টিতে; আর বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে ২২টিতে জয় পেয়েছেন।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন, সাইফুল ইসলাম পটু ও আবদুস সাত্তার পাটোয়ারি উপস্থিত ছিলেন।
