পৌর নির্বাচন: মেয়র পদে ভোট পড়েছে ৭৪%
স্থগিত কেন্দ্রের পৌরসভাগুলো বাদ দিলে এবার পৌর নির্বাচনে মেয়র পদে গড়ে ৭৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোটের পর কমিশনের হাতে আসা তথ্য সমন্বয় করে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য জানান।
তিনি বলেন, “মেয়র পদে ২০৭টি পৌরসভায় গড়ে ৭৩.৯২ শতাংশের বেশি ভোট পড়েছে।”
ভোটের দিন দুপুরে প্রথম চার ঘণ্টায় ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছিল বলে ধারণা দিয়েছিলেন নির্বাচন কমিশনার আবু হাফিজ।
এবারের তফসিল অনুযায়ী ভোটের তালিকায় থাকা ২৩৪ পৌরসভার মধ্যে মেয়র পদে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বুধবার ভোট হয়েছে ২২৭ পৌর এলাকায়।
তার মধ্যে অনিয়ম ও গোলযোগের কারণে নরসিংদীর মাধবদী পৌরসভা এবং অন্য ১৮ পৌরসভার আরও ৩৮টি কেন্দ্র স্থগিত করা হয়।
কেন্দ্র স্থগিত থাকা পৌরসভাগুলো বাদ দিয়ে বাকি পৌরসভায় মেয়র পদে ৬০ লাখ ৬৩ হাজার ভোটারের মধ্যে ৪৪ লাখ ৮১ হাজারের বেশি ভোট পড়েছে বলে জানান সচিব।
কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসির অধীনে দশম সংসদ নির্বাচন, উপজেলা ও তিন সিটি করপোরেশনের ভোট পড়ার হারের চেয়ে এই হার বেশি। তার আগে নবম সংসদ নির্বাচনে সর্বোচ্চ ৮৭ শতাংশ ভোট পড়েছিল।
ইসির উপ সচিব সামসুল আলম জানান, এসব পৌরসভায় ৭৮ হাজার ২৯৫টি ভোট বাতিল হওয়ায় বৈধ ভোট পড়েছে ৪৪ লাখ ২ হাজার ৮৩৫টি। মেয়র পদে সর্বোচ্চ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ ভোট পড়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ইতোমধ্যে এই ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বেসরকারিভাবে প্রকাশিত ২২৭টি মেয়র পদের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক জিতেছে ১৭৭টিতে; আর বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে ২২টিতে জয় পেয়েছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোট ‘সুষ্ঠু হয়েছে’ দাবি করে বৃহস্পতিবার বলেছে, এর মধ্য দিয়ে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে বিএনপি ভোটে ‘ব্যাপক কারচুপির’ অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেছে।
এ নির্বাচন পর্যবেক্ষণ করে পর্যবেক্ষক সংগঠন ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ’ বলেছে, সব মিলিয়ে পৌরসভাগুলোতে ৭২ শতাংশ ভোট পড়েছে এবার।
ইসির সহকারী সচিব রাজীব আহসান স্থগিত হওয়া কেন্দ্রের বিষয়ে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ফল ঘোষণার জন্যে বৃহস্পতিবার সকালে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছেন। প্রয়োজন হলে পুনঃভোটের অনুমতির জন্য তাদের ইসিতে চিঠি দিতে বলেছেন।
ভোট কেন স্থগিত করতে হলো- সে বিষয়ে অন্তত আট পৌরসভায় রিটার্নিং অফিসার, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন রাজীব।
