২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনির সঙ্গে সংলাপ জনগণ চায় না: হানিফ

খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যানের পক্ষে যুক্তি দেখিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, জনগণ খুনির সঙ্গে আলোচনা চায় না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 06:05 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি গত বছরের প্রথম তিন মাসে অবরোধে নাশকতায় শতাধিক মানুষের মৃত্যুর দিকে ইঙ্গিত করে একথা বলেন তিনি।

দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির নেত্রী মঙ্গলবার ঢাকায় জনসভায় বক্তব্যে সব দলকে নিয়ে সংলাপ করে পরবর্তী নির্বাচন আয়োজনের জন্য সরকারকে আহ্বান জানান।

এর প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন দলের নেতা হানিফ তিন মাসের অবরোধে পেট্রোল বোমা ও গাড়িতে অগ্নিসংযোগে শতাধিক মানুষের মৃত্যুর জন্য দেশবাসীর কাছে খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

“যে ১৪৭ জন মানুষকে পুড়িয়ে হত্যা করলে, এদের জন্য একবারও দুঃখ প্রকাশ করলেন না। এদের পরিবার ও জাতির কাছে বেগম জিয়া একবারও ক্ষমা চান নাই।”

“সংলাপের কথা বলার আগে মানুষ হত্যার দায়ে জাতির কাছে  তার ক্ষমা চাওয়া উচিৎ। বাংলাদেশের মানুষ কোনো খুনি-হত্যাকারীর সঙ্গে বৈঠক করা পছন্দ করে না,” বলেন হানিফ ।

যে রাজনৈতিক সঙ্কটের কথা খালেদা জিয়া বলেছেন, তার কোনো অস্তিত্ব নেই বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।  

“দেশে এখন কোনো সঙ্কট নেই, বরং প্রত্যাশার চেয়ে দেশ এগিয়ে যাচ্ছে। গোটা দেশের মানুষের উপর সরকার আস্থার জায়গা সৃষ্টি করেছেন। সঙ্কট আছে পাকিস্তানি খালেদার মনে।”

Image
মাহাবুব-উল আলম হানিফ (ফাইল ছবি)

মাহাবুব-উল আলম হানিফ (ফাইল ছবি)

সংলাপ কার সঙ্গে করব- এই প্রশ্ন রেখে হানিফ বলেন, “যে নেত্রী একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, তার ব্যক্তিগত খায়েশ মোটানোর জন্য নিরীহ-নিরপরাধ মানুষের উপর পেট্রোল বোমা হামলা চালিয়ে সন্ত্রাস করেছিলেন।

“২০১৫ সালে ৫ জানুয়ারি পর ৮০ দিন পেট্রোল বোমা হামলা চালিয়ে ছিলেন কার স্বার্থে? সবচেয়ে দুঃখজনক বিষয়, সেই বেগম জিয়া সংলাপের কথা বলছেন, ন্যায়ের কথা বলছেন!”

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা হানিফ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধের সাজা মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষও প্রকাশ করেন। 

“এই রায়ের প্রতি আওয়ামী লীগ সন্তুষ্টি প্রকাশ করছে। এর মধ্য দিয়ে বাঙালি জাতি অভিশাপমুক্তির পথে এক ধাপ এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধে শহীদের দায়মুক্তির পথে এগিয়ে যাচ্ছে।”

আপিলের রায়ের পর জামায়াতের হরতালের সমালোচনা করে তিনি বলেন, “এর আগেও তারা মুজাহিদ-সাঈদীর রায়ের পর হরতাল ডেকেছিল। কিন্তু বাংলাদেশে কোনো হরতাল হবে না, এটা পাকিস্তানে হতে পারে।”

সংবাদ সম্মেলনে হানিফের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সুজিত রায় নন্দী, ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

পুরনো খবর:

‘গণতন্ত্রের জন্য’ সংলাপ, নির্বাচন চাইলেন খালেদা
ক্ষমতা হারানোর ভয়ে সংলাপ প্রত্যাখ্যান: রিজভী