ক্ষমতা হারানোর ভয়ে সংলাপ প্রত্যাখ্যান: রিজভী
খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যানের পেছনে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর শঙ্কা কাজ করছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।
দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, “সরকারের একমাত্র ইচ্ছা হচ্ছে -আমরা জোর করে ক্ষমতায় থাকব, কারও কোনো গণতান্ত্রিক অধিকার আমরা দেব না।
“কারণ যদি কাউকে গণতান্ত্রিক অধিকার দেয়, তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না, ক্ষমতার পালাবদল ঘটবে। একারণে তারা এসমস্ত কথা বলছেন, এসব মনোভাব পোষণ করছেন।”
দশম সংসদ বর্জনকারী বিএনপির নেত্রী খালেদা জিয়া দেশে রাজনৈতিক সঙ্কট বিরাজ করছে দাবি করে তা থেকে উত্তরণে সংলাপ ডাকতে মঙ্গলবার জনসভায় বক্তব্যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বুধবার আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, ‘খুনির’ সঙ্গে সংলাপ দেশের জনগণ চায় না।
ক্ষমতাসীন দলের ওই জবাবের প্রতিক্রিয়া জানাতে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন রিজভী।
তিনি দাবি করেন, নানা বাধা-বিপত্তির পরও বিএনপির সমাবেশে জনসমাগম দেখে আওয়ামী লীগ ভয় পাচ্ছে।
“জনসভায় আসতে শেরে বাংলানগরসহ বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে। আমরা সন্ধ্যা সাড়ে ৭টায় চিঠি (সমাবেশের অনুমতি) পেয়েছি। তখন থেকেই আমাদের প্রস্তুতি। তারপরও আপনারা দেখেছেন, জনতার কী প্রস্তুতি। এ সমস্ত দেখে তারা ভয় পাচ্ছে।”
আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ক্রসফায়ার অব্যাহত রাখছে বলেও অভিযোগ করেন রিজভী।
গাজীপুরে যুবদলকর্মী মুনির হোসেনকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে দাবি করে তার নিন্দা জানান তিনি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাদের মুক্তিও দাবি করেন তিনি।
সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন যোগসাজশ করে বিএনপি প্রার্থীকে হারিয়েছে বলে দাবি করেন রিজভী।
“সুহৃদ সাক্ষী মাতাল বলে একটা কথা আছে। সরকার হচ্ছে ভোট ডাকাত, ভোটারবিহীন নির্বাচন করে জোর করে ক্ষমতায় আছে। আর তাদের সহায়তাকারী নির্বাচন কমিশন হচ্ছে থিফ অফ স্ট্যাটিসটিকস। একজন হচ্ছে ভোট চোর, আরেকজন হচ্ছে পরিসংখ্যান চোর।”
পৌর নির্বাচনে ৭৪ শতাংশ ভোট পড়েছে বলে ইসির পরিসংখ্যান সত্য নয় বলে দাবি করেন বিএনপি নেতা।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন, সাইফুল ইসলাম, আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।
