‘গণতন্ত্রের জন্য’ সংলাপ, নির্বাচন চাইলেন খালেদা
দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে অবিলম্বে ‘সুষ্ঠু’ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আর এই নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতেও ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি বলেন, “বন্ধ করেন… অনেক কিছু করেছেন, কোনো কিছুতে এগুতে পারেননি, লাভবান হননি। আসুন সংলাপ করে আলোচনা করে তার মধ্য দিয়ে একটা সমাধান বের করে আনি, গণতন্ত্র আনি। যাতে দেশে নিরপেক্ষ নির্বাচনের পথ বের করা যায়।”
নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে গতবছর প্রথম তিন মাস টানা অবরোধ-হরতালে সাফল্য না পেলেও একবছরের মাথায় খালেদার এই দাবি।
তিনি বলেন, “জোর করে বসে আছে, নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব তাদের।”
অবশ্য এক সপ্তাহ আগে হয়ে যাওয়া পৌর নির্বাচনের দিকে ইংগিত করে তিনি এও বলেছেন, “আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না- এটা প্রমাণ হয়ে গেছে।”
গণতন্ত্র ‘ফেরাতে’ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি ক্ষমতাসীনদের হুঁশিয়ার করেন বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, “সঠিক পথে আসুন, গণতন্ত্রের পথে আসুন। না হলে কিন্তু জনগণ কখন জেগে উঠবে বলা যায় না।… জনগণকে ঠেকিয়ে রাখা যাবে না।”
নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে খালেদার দল বিএনপি ও তার শরিকরা।
ওই নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ, আর দীর্ঘদিন পর বিএনপিকে সংসদের বাইরে থাকতে হয়।
নির্বাচনের আগে ও পরে বিভিন্ন সময়ে প্রধান দুই দলের মধ্যে সংলাপের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এলেও কখনোই তা ফলপ্রসূ কোনো রূপ পায়নি।
গতবছর নির্বাচনের বর্ষপূর্তিতে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ এবং আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনের ঘোষণা দিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি দিলে তৈরি হয় উত্তেজনা। পুলিশ ঢাকায় ১৪৪ ধারা জারি করে সমাবেশের পথ বন্ধ করে দিলে খালেদা টানা অবরোধের ঘোষণা দেন।
এরপর তিনমাসে নরিজবিহীন সহিংসতা ও নাশকতায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়, যার পেছনে বিএনপিকেই দায়ী করে আসছেন আওয়ামী লীগের নেতারা।
দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন মঙ্গলবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে খালেদা জিয়া। ছবি: তানভীর আহাম্মেদ
অবরোধ-হরতালের সেই কর্মসূচির পর নয়া পল্টনের এ সমাবেশই ছিল খালেদার বড় কোনো জনসভায় অংশগ্রহণ। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার কেবল ‘গণতন্ত্রই হত্যা’ করেনি, ‘মানুষ হত্যা’ করে দেশে ‘রাজতন্ত্র কায়েম করার’ চেষ্টায় আছে।
ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপিনেত্রী বলেন, “মানুষ গুম করে, খুন করে রাজতন্ত্র কয়েম করার যে চেষ্টা আপনারা করছেন, আমার মনে হয় তা কোনো ভালো ফল বয়ে আনবে না।”
সরকার বিএনপি নেতাকর্মীদের ‘ফাঁদে ফেলার’ জন্য ‘কথায় কথায়’ নতুন আইন করছেন বলে অভিযোগ করেন খালেদা।
তিনি বলেন, “জনগণকে কখনো আটকানো যায় না। … যে আইনে জনগণের কোনো কল্যাণ করে না সেটা মানুষ কোনোদিন গ্রহণ করে না।”
‘গুম-খুন করে’ কেউ কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি বলে সরকারকে সতর্ক করেন বিএনপিনেত্রী।
গত সপ্তাহে পৌর নির্বাচনে ভরাডুবির পর এটাই বিএনপির প্রথম প্রকাশ্য কর্মসূচি। নয়া পল্টনে খালেদা জিয়া ২০১২ সালে সর্বশেষ জনসভায় বক্তব্য দিয়েছিলেন।
‘সে কোন লাটসাহেব?’
২০০৯-২০১৩ সালের মধ্যে কয়েকটি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীদের জয়ী হওয়ার কথা মনে করিয়ে দিয়ে খালেদা বলেন, ‘একটু ফেয়ার ইলেকশন’ হলেই বিএনপি তাতে জয়লাভ করে। কিন্তু আওয়ামী লীগের অধীনে ‘কোনোদিন’ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে ‘হবে না’।
গতবছর এপ্রিলে হয়ে যাওয়া ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এবং ডিসেম্বরের পৌর নির্বাচনের প্রসঙ্গে টেনে নির্বাচন কমিশনকে সরকারের ‘আজ্ঞাবহ প্রতিষ্ঠান’ আখ্যায়িত করেন খালেদা।
তিনি বলেন, “তারা অর্থব ও মেরুদণ্ডহীন। তাদের কথা বলার সাহস নেই। যারা মন্ত্রী ছিলেন, তারা গেলেও উনি (প্রধান নির্বাচন কমিশন) দেখা করেন না। তিনি কী এমন লাট সাহেব হয়ে গেছেন যে কারও সঙ্গে কথা বলবেন না? অভিযোগের সমাধান করবেন না?”
দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন মঙ্গলবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চে আলাপচারিতায় দলের চেয়ারপাসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: তানভীর আহাম্মেদ
“আইনশৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা এখানে আছেন। তাদের প্রতি বলব, এরা তো এই বাংলাদেশেরই ছেলে। এতো অত্যাচার, এতো কষ্ট, গুম খুন করা .. এটা কি ঠিক?”
“আপনাদের নিয়ে অন্যায় কাজ করাচ্ছে। আমি বলছি না পুলিশ বাহিনী খারাপ… কিন্তু আপনাদের নষ্ট করছে।”
‘এসব’ বন্ধ করার দাবি জানিয়ে খালেদা বলেন, “আমরা একসঙ্গে থাকতে চাই। বাংলাদেশ ছোট্ট একটি দেশ। আমরা যদি সকলে মিলে-মিশে থেকে কাজ করি, বাংলাদেশকে আমরা একটি সুন্দর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।”
ভবিষ্যতে ক্ষমতায় এলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা জনপ্রশাসনের কারও ‘চাকরি যাবে না’ বলেও অভয় দেন বিএনপিনেত্রী।
“আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কারও বিরুদ্ধে আমাদের কোনো রাগ-ক্ষোভ-দুঃখ নেই। আমরা ভুগেছি, কষ্ট করেছি। তাই বলব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা ভালো থাকেন, ভদ্র থাকেন।”
জঙ্গিবাদ
আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াতকে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের জন্য দায়ী করে এলেও খালেদা পাল্টা অভিযোগ করেন এই সমাবেশে।
তিনি বলেন, “দেশে যদি গণতন্ত্র না থাকে জঙ্গিবাদের উত্থান হবে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জঙ্গিবাদের উত্থান ঘটেছে।”
মানুষকে র্যাব সদর দপ্তরে ‘ধরে নিয়ে দীর্ঘদিন আটক রেখে জঙ্গি চেহারা বানিয়ে’ পরে গণমাধ্যমের সামনে হাজির করা হয় বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।
“আমরা কোনো প্রকার জঙ্গিবাদকে প্রশ্রয় দেব না। যারাই এগুলো করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্য দেশের ওপর হামলা করা… আমি আমার মাটি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করার জন্য দেব না।”
সোয়া এক ঘণ্টার বক্তৃতায় খালেদা জিয়া দেশের রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন এবং বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি তেলে দাম কমানোর দাবি জানান।
আওয়ামী লীগের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, “তারা প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করে। তারা দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের কোনো ভবিষ্যত নেই। ঢাকা শহরে ফ্লাইওভার করলেই দেশের উন্নয়ন হয় না। দেশের কোথায় উন্নয়ন হয়েছে বলুন? এভাবে দেশ চলতে পারে না।”
দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির সমাবেশে নেতা-কর্মীরা। ছবি: তানভীর আহাম্মেদ
দীর্ঘদিন পর এই সমাবেশ ঘিরে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুরের আগে থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে তারা জড়ো হতে থাকেন নয়া পল্টনে সভামঞ্চের সামনে।
এক পর্যায়ে নয়া পল্টন সড়কের পূর্বে ফকিরেরপুল মোড় এবং পশ্চিমে কাকরাইলের নাইটিঙ্গেল রেঁস্তোরা পর্যন্ত সড়কে সমাবেশের বিস্তার ছড়িয়ে পড়লে পুলিশ যানচলাচল বন্ধ করে দেয়।
জনসভা শুরুর আগ মুহূর্তে মঞ্চের পূর্ব দিকে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুটি অংশের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলেও পরে নেতাদের হস্তক্ষেপে তারা শান্ত হয়।
মঞ্চের চারিদিকে জিয়াউর রহমান, তারেক রহমান ও খালেদা জিয়ার পাশাশাশি ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম, কারাগারে বন্দি অবস্থায় মারা যাওয়া নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, মামলা মাথায় আত্মগোপনে থাকা মির্জা আব্বাস ও হাবিবউন নবী খান, কারাবন্দি শওকত মাহমুদ ও ছাত্রদল সভাপতি রাজিব আহসানের প্রতিকৃতি সম্বলিত পোস্টারও দেখা যায়।
বেলা ২টার পর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হলে প্রথমে বক্তৃতা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
খালেদা জিয়া বেলা পৌনে ৩টার দিকে জনসভা মঞ্চে এলে নেতা-কর্মীরা করতালি ও শ্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। খালেদাও হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আসম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা শাহ মোয়াজ্জেম হোসেন, হাফিজউদ্দিন আহমেদ, হারুন আল রশীদ, মোহাম্মদ শাহজাহান ও রুহুল কবির রিজভীও সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন।
