২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সভামঞ্চে খালেদা

তিন বছর পর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে উপস্থিত হয়েছেন খালেদা জিয়া। এ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনটি বিএনপি পালন করছে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 03:11 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর মঙ্গলবার বেলা ২টা ৪৭ মিনিটে নয়া পল্টনে দলের কার্যালয়ের সামনে জনসভাস্থলে পৌঁছায়।

অফ ওয়াইট শাড়ির ওপর ক্রিম কালারের চাদর জড়ানো বিএনপি চেয়ারপারসন মঞ্চে উঠে এলে নেতা-কর্মীরা করতালি ও শ্লোগান  দিয়ে তাকে স্বাগত জানান। খালেদাও হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

এর আগে বেলা ২টার পর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে সভার কার্য্ক্রম শুরু হয়। প্রথমে বক্তৃতা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

এরপর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনির হোসেন বক্তব্য দেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আসম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা শাহ মোয়াজ্জেম হোসেন, হাফিজউদ্দিন আহমেদ, হারুন আল রশীদ, মোহাম্মদ শাহজাহান ও রুহুল কবির রিজভীও সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন। 

গত সপ্তাহে পৌর নির্বাচনে ভরাডুবির পর এটাই বিএনপির প্রথম প্রকাশ্য কর্মসূচি।  নয়া পল্টনে খালেদা জিয়া ২০১২ সালে সর্বশেষ জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগও এদিন বঙ্গবন্ধু এভিনিউ ও ধানমণ্ডি ৩২ নম্বরে সমাবেশ করছে। দিনটি তারা উদযাপন করছে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে। 

দশম সংসদ নির্বাচনের প্রথম বছর পূর্তির দিন ২০১৫ সালে ৫ জানুয়ারিও বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি জনসভার ঘোষণায় উত্তেজনা দেখা দেয়। এই প্রেক্ষাপটে পুলিশের বাধায় জনসভা করতে না পেরে খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকেন। তিন মাসের ওই কর্মসূচিতে নাশকতায় শতাধিক মানুষের মৃত্যু হয়।

এবারও দুই দল একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি পালনের অনুমতি চাইলে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুই দলকে আলাদা স্থানে সমাবেশের অনুমতি দেয়। আর মহানগর পুলিশ বেলা ২টা থেকে তিন ঘণ্টা সময় ঠিক করে দিয়ে কয়েকটি শর্ত বেঁধে দেয় দুই দলকে।    

গত বছর ৫ জানুয়ারি থেকে টানা তিন মাসের অবরোধ-হরতালের পর এই প্রথম খালেদা জিয়ার প্রথম বড় কোনো জনসভায় অংশ নিচ্ছেন। সর্বশেষ ২০১৪ সালের ডিসেম্বরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জোটের জনসভায় তিনি বক্তব্য দিয়েছিলেন। আর নয়া পল্টনে তার সর্বশেষ জনসভা হয়েছিল ২০১২ সালে।

দীর্ঘদিন পর এই সমাবেশ ঘিরে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুরের আগে থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে তারা জড়ো হতে থাকেন নয়াপল্টনে সভামঞ্চের সামনে।  

এক পর্যায়ে নয়া পল্টন সড়কের পূর্বে ফকিরেরপুল মোড় এবং পশ্চিমে কাকরাইলের নাইটিঙ্গেল রেঁস্তোরা পর্যন্ত সড়কে সমাবেশের বিস্তার ছড়িয়ে পড়লে পুলিশ যানচলাচল বন্ধ করে দেয়।

সকালে মঞ্চ তৈরির সময়ই জনসভাস্থলের রাস্তার দুই পাশে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি টানানো হয়।

এছাড়া দলের ‘নিখোঁজ’ সেতা এম ইলিয়াস আলী ও মহানগর নেতা চৌধুরী আলম এবং কারাবন্দি অবস্থায় মারা যাওয়া নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, মামলা মাথায় আত্মগোপনে থাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলসহ কারাবন্দি বিভিন্ন নেতার ছবিসহ ব্যানারও দেখা যায়।

জনসভার নিরাপত্তায় সকাল থেকেই নয়া পল্টন ও আশপাশের সড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কাকরাইল মোড়ের কাছে র‌্যাব সদস্যদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

এছাড়া জলকামান, সাঁজোয়া যান ও প্রিজন ভ্যানের একাধিক গাড়িও নয়া পল্টনের সড়কে রাখা হয়েছে।