২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা

পৌর নির্বাচনে ভোটগ্রহণের দুদিন আগে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 06:30 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

পৌর ভোট নিয়ে সোমবার এই সংবাদ সম্মেলন হবে বলে তার প্রেসসচিব মারুফ কামাল জানালেও সুনির্দিষ্ট কী বিষয়ে কথা বলবেন বিএনপি চেয়ারপারসন, তা জানাননি তিনি।

পৌর ভোটে ক্ষমতাসীনরা প্রভাব খাটাচ্ছে বলে বিএনপির অভিযোগের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতারা বলছেন, খালেদা জিয়ার দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ‘ছুতো’ খুঁজছে।

মারুফ কামাল রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৌর নির্বাচন নিয়ে আগামীকাল বিকালে জরুরি এক সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন।”

বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন হবে। গত সেপ্টেম্বরে লন্ডন সফরের পর এটাই হবে তার প্রথম সংবাদ সম্মেলন।

সংসদ নির্বাচন বর্জনের পর স্থানীয় সরকারের এই নির্বাচনে আসা বিএনপির নেত্রী পৌর ভোটে জয়ের আশা প্রকাশ করে রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্যের কয়েক ঘণ্টা পরই সংবাদ সম্মেলন ডাকলেন।

সাংবাদিক ইউনিয়নের ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীদেরই জয় হবে, ভরাডুবি হবে ক্ষমতাসীনদের।

খালেদা জিয়া সংবাদ সম্মেলন ডাকার আগে বিকালে নির্বাচন কমিশনে গিয়ে পৌর ভোটের সুষ্ঠু পরিবেশ ও সঠিক ফলাফল নিশ্চিতের দাবি জানিয়ে আসে বিএনপির একটি প্রতিনিধি দল।

দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে।

বৈঠক শেষে মঈন খান বলেন, “মানুষ যেন ভয়-লেসভাবে, নির্ভয়ে, নিঃশঙ্কায় ভোট দিতে পারেন এবং রেজাল্ট শিটে সেটি যেন সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়। এটাই আমরা কমিশনকে বলে এসেছি।”

গত সাত দিনে নির্বাচনী আবহ পরিবর্তিত হয়েছে এবং পরিবেশের অবনতি হয়েছে বলে তিনি দাবি করেন।

“গত কয়েকদিনে নির্বাচনী অফিস ভাংচুর ও জ্বালিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনী পথসভা ও আলোচনায় সরকারীদলীয় কর্মীরা আক্রমণ করেছেন। বিএনপির নেতাকর্মী-প্রার্থীদের উপর নৃশংস হামলা চালানো হয়েছে।”

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নয়টি সংস্থার বিষয়ে আপত্তি জানিয়েছে আওয়ামী লীগ।

তাদের পক্ষে বিএনপি অবস্থান নিচ্ছে কি না- জানতে চাইলে মঈন খান বলেন, “এসব সংস্থা দক্ষতার সঙ্গে কাজ করছে। আমরা কোনো সংস্থার পক্ষে-বিপক্ষে বলিনি। যারা গ্রহণযোগ্য ও দক্ষ তাদের নির্বাচন পর্যবেক্ষণ করা উচিত।”

এদিকে বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী পুনরায় নির্বাচন কমিশনের সমালোচনা করেন।

তিনি বলেন, “সর্বত্র শাসক দলের সহিংসতা-সন্ত্রাসে বেহাল বিশৃঙ্খলা সামাল দিতে নির্বাচন কমিশন অক্ষম। মূলত কমিশন ছত্রছায়া দিচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের আশকারা দিয়ে শাসক দলের পক্ষে ফল নিয়ে আসার জন্য।”

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে মন্ত্রী-এমপিরা সরাসরি প্রচার চালাচ্ছেন বলেও বিএনপি নেতার অভিযোগ।

“ধানের শীষের মেয়র প্রার্থীর সমর্থকদের উপর প্রচণ্ড মরণঘাতী আক্রমণ করে হত্যা-জখম ও অঙ্গহানি ঘটাচ্ছেন (ক্ষমতাসীনরা)।”

এসব দেখার পরও কোনো পদক্ষেপ না নিয়ে ইসি তার স্বাধীন সত্ত্বা হারিয়ে ‘বিবেকহীন দলবাজ ক্রীতদাসে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লার লাকসাম, চান্দিনা, কিশোরগঞ্জের কুলিয়ারচর, ভৈরব, জামালপুরের সরিষাবাড়ী, ময়মনসিংহের ফুলবাড়িয়া, ভোলা, পাবনার সাঁথিয়া, ফরিদপুর, নারায়ণগঞ্জের তারাবো, পটুয়াখালীর কুয়াকাটা, বগুড়া, যশোর, হবিগঞ্জ, ঝিনাইদহের হরিণাকুণ্ডু, ব্রাহ্মণবাড়ীয়া, চাঁদপুরের মতলবসহ বিভিন্ন পৌরসভায় বিএনপির প্রার্থীর প্রচারে বাধা দেওয়া হচ্ছে।

বিএনপির মুখপত্র দৈনিক দিনকালকে পৌর নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য ‘সাংবাদিক কার্ড’  দেয়নি বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

“দৈনিক দিনকাল পত্রিকা থেকে নির্বাচন কমিশনের সচিব বরাবর ৯ জন সাংবাদিকের নাম দিয়ে আবেদন করা হয়েছিল। কাউকে কার্ড দেওয়া হয়নি। তাহলে আপনারা বুঝতেই পারছেন, কমিশনের মোটিভটা কী?”

ভোটারদের উদ্দেশে রিজভী বলেন, “আমি বলব, শাসক দলের সন্ত্রাসের ‍উপরিকাঠামো ভেঙে ফেলে জনগণ দ্বারা ভোটকেন্দ্র ঘেরাও করে রাখাটাই হবে বর্তমান সময়ে গণতন্ত্রের আদর্শ উপরিসীমা।”

সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, রফিক শিকদার প্রমুখ।

পুরনো খবর:

ভোটের মাঝপথে সরব না: ফখরুল