ভোটের মাঝপথে সরব না: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল এবার আর ভোটের মাঝপথে সরে দাঁড়াবে না, ফলাফল ঘোষণা পর্যন্ত ‘লড়াইয়ে’ থাকবে।
মঙ্গলবার সকালে বিএনপির পৌর নির্বাচন তদারকির জন্য গঠিত কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুলের সভাপতিত্বে ‘কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেল’ এর প্রথম বৈঠক হয়। বিভিন্ন কমিটি গঠনসহ নির্বাচন পরিচালনার নানা বিষয়ে সেখানে আলোচনা হয় বলে পরে এক সংবাদ সম্মেলনে জানান ফখরুল।
তিনি বলেন, “একটি কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অনেকে প্রশ্ন করেন আপনারা আবার মাঝপথ থেকে ফিরে আসবেন কিনা? কোনো সম্ভাবনা নেই। মাঝপথ থেকে ফিরে আসার কোনো সিদ্ধান্ত হয়নি। একেবারে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সবাই অ্যাক্টিভলি মাঠে থাকবেন বলে আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে।”
দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি গত এপ্রিলে ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তিন মেয়রপ্রার্থীকে সমর্থন দিলেও ভোট চলার মধ্যেই ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সরে যাওয়ার ঘোষণা দেয়।
৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর ভোট নির্বাচন কমিশনের জন্য ‘অগ্নিপরীক্ষা’ হবে মন্তব্য করে ফখরুল বলেন, “এই পরীক্ষায় যদি তারা উত্তীর্ণ হতে পারে, তাহলে দেশি-বিদেশি সংস্থাগুলো মনে করতে পারে যে এটা একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে।”
নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করতে পারে সেদিকে কমিশনকে সর্তক থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচন তদারকিতে বিভাগীয় মনিটরিং সেলগুলো সংশ্লিষ্ট পৌরসভার দলীয় প্রার্থীর প্রচার, রিটার্নিং অফিসারসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে বলে জানান বিএনপির এই নেতা।
একই সঙ্গে বিভাগ পর্যায়ের মনিটরিং সেলের কেন্দ্রীয় নেতারা দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেবে বলে জানান তিনি।
কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেলের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ওসমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
