পৌরভোট: অভিযোগ পেতে ‘সেল’ খুলেছে বিএনপি
পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের বাধা ও অনিয়মের অভিযোগ সংগ্রহে কেন্দ্রীয়ভাবে একটি ‘মনিটরিং সেল’ চালু করেছে বিএনপি।
নির্বাচন সংক্রান্ত যে কোনো অনিয়মের তথ্য ৮৮৩১৯৯১ নম্বরে টেলিফোন, ৮৮৩৪৫২ নম্বরে ফ্যাক্স করে এবং bnpme2015@gmail.com ঠিকানায় ই-মেইল করে জানানো যাবে।
রোববার বিএনপির যুগ্ম মহাসচিব ও পৌর সভা নির্বাচন-২০১৫ এর মনিটরিং সেলের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, “সারা দেশের বিভিন্ন জেলা, পৌর নেতৃবৃন্দ ও মেয়রপ্রার্থীদেরকে আগামী ৩০ ডিসেম্বরের পৌর সভা নির্বাচনের যাবতীয় অভিযোগ, অনিয়ম ও সকল তথ্যাদি উপরের টেলিফোন নম্বর ও ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।”
পৌরসভা নির্বাচন সামনে রেখে গত ১০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় নির্বাচন পর্যবেক্ষণে কেন্দ্র ও সাত বিভাগে মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত হয়।
দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীনরা আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি তাদের প্রার্থীদের প্রচারণায় বাধা, মিছিলে হামলা ও হয়রানি করছে বলে অভিযোগ করে আসছে বিএনপি।
দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত চব্বিশ ঘণ্টায় ঝিনাইদহের কালীগঞ্জ, বরিশালের বাকেরগঞ্জ, রাজশাহীর তাহিরপুর, কাটাখালী, বাগেরহাটের মোড়লগঞ্জ, কুষ্টিয়া, চট্টগ্রামের মিরেরসরাই, ফেনীর রাবৈয়ারহাট, ভোলা, কুমিল্লার লাকসাম ও কিশোরগঞ্জের বাজিতপুরসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীরা বিএনপির প্রার্থীদের মিছিলে হামলা চালিয়েছে।
