পৌর ভোট ‘শাঁখের করাত’: সুরঞ্জিত
আসন্ন পৌর নির্বাচনকে ক্ষমতাসীনদের জন্য ‘শাঁখের করাত’ হিসেবে মনে করছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি বলেন, “এটা এমন একটা নির্বাচন, যেখানে আগে গেলেও বিপদ, পিছে গেলেও বিপদ।
“নির্বাচনে আমরা হারলে বিএনপি বলবে, সরকারের জনপ্রিয়তা নেই, এবার জাতীয় নির্বাচন দেন। আর জিতলে বলবে, সরকার কারচুপি করেছে।”
রাজনীতিতে ‘গণতন্ত্রের জট লেগে গেছে’ মন্তব্য করে পৌর নির্বাচনে তা খুলে যাবে বলেও অনুষ্ঠানে আশা প্রকাশ করেন প্রবীণ এ সাংসদ।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রধান নির্বাচন কমিশনারকে সাহসের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কঠিনভাবে নিরপেক্ষ থাকেন। ছোট ও মাঝারি মন্ত্রীরা নির্বাচনী আচরণবিধি না মানলে আইনের বাস্তবায়ন আপনাকেই করতে হবে। রির্টানিং অফিসারের কাছে পাঠান কেন?”
সরকার এ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকায় থাকবে দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত ভোট গ্রহণ, গণনা ও গেজেট প্রকাশসহ নির্বাচনের সব প্রক্রিয়ায় নজর রাখতে বিএনপি চেয়ারপারস খালেদা জিয়ার প্রতি আহবান জানান।
পদ্মা সেতুর কাজ সময়মতোই শেষ হবে জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, “এ সেতু খুলে গেলে দেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবে, প্রবৃদ্ধি বেড়ে যাবে।”
সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, হুমাউন কবির মিজি উপস্থিত ছিলেন।
