২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীপনের বাবার কাছে ক্ষমা চান: হানিফকে বিএনপি

কেবল দুঃখ প্রকাশ নয়, নিহত প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বাবার কাছে ক্ষমা চাইতে আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল-আলম হানিফকে আহ্বান জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 10:18 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এই আহ্বান জানান।

‘জঙ্গিবাদীদের হামলায়’ নিহত লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক দীপনকে শনিবার শাহবাগে তার প্রকাশনা সংস্থার কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয়।

সন্তানের হত্যাকাণ্ডে ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছিলেন, তিনি বিচার চান না।

ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ অধ্যাপক আবুল কাসেমকে ‘জঙ্গি মতাদর্শের’ ব্যক্তি বলেছিলেন।

ওই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠলে হানিফ তা প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন।

দীপনকে জিয়াউর রহমানের ‘আদর্শে উজ্জীবিত সংগঠক’ দাবি করে রিপন ক্ষমতাসীন দলের নেতার সমালোচনা করে বলেন, “হিংসাশ্রয়ী রাজনৈতিক চেতনায় নিমজ্জিত মানুষেরাই কেবল এমন নিষ্ঠুর ও অমানবিক দৃষ্টিভঙ্গী পোষণ করতে পারে। মাহাবুব-উল-আলম হানিফ নিশ্চয় উপলব্ধি করতে পেরেছেন, তার মন্তব্যে সারাদেশের ঘৃণার উদ্রেক হয়েছে।

“দুঃখ প্রকাশ করলেও এর সমাপ্তি ঘটবে বলে আমরা মনে করি না। আমরা আশা করব, তিনি দীপনের পিতার কাছে, অভিজিৎ রায়ের স্ত্রীর কাছে তার অনভিপ্রেত ও অসৌজন্যমূলক বক্তব্য প্রকাশ করার জন্য ক্ষমা প্রার্থনা করবেন।”

অধ্যাপক আবুল কাসেম ‘বিচার চাই না’ বলার পর অভিজিতের স্ত্রী বন্যা আহমেদও ফেইসবুকে একই কথা বলেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিতের সঙ্গে থাকা স্ত্রী বন্যাও গত ফেব্রুয়ারির হামলায় আহত হয়েছিলেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

প্রকাশক দীপন খুনের আগে দুই বিদেশি হত্যাকাণ্ড ঘটে, সব খুনের পেছনে বিএনপি-জামায়াত জোট জড়িত বলে ক্ষমতাসীন দলের নেতাদের অভিযোগ।

রিপন বলেন, “তারা (সরকার) জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে একের পর এক ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়নের উদ্দেশ্যে ক্রমাগতভাবে অরাজনৈতিক ভাষায় আক্রমণ করে প্রকৃত সমস্যাকে আড়াল করার ব্যর্থ অপচেষ্টা চালাচ্ছে।”

সরকারি দলের নেতাদের বক্তব্যে প্রকৃত খুনিরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে এ থেকে উত্তরণে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বানও সরকারকে জানান বিএনপি নেতা।

বিএনপি গুপ্তহত্যা শুরু করেছে বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রিপন বলেন, “বিএনপি বরাবরই গণতান্ত্রিক রাজনীতি করে। হত্যা, খুনের রাজনীতিতে বিশ্বাসী নয়। তারপরও সরকার প্রধান যখন বলেন, তা সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়।”

ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সচিবালয়ে এক যুগ্মসচিবের কার্যালয় ভাংচুরের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “এধরনের সন্ত্রাসী আচরণ একজন উপমন্ত্রীর পক্ষে শোভনীয় কি না, তা দেশবাসী সরকারের কাছে জানতে চায়।”

সংবাদ সম্মেলনে রিপনের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, শিরিন সুলতানা, তকদির হোসেন জসিম প্রমুখ।