টিআইবির বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি নাসিমের
সংসদ নিয়ে টিআইবি ‘গর্হিত’ ভাষায় কথা বলেছে মন্তব্য করে দুর্নীতিবিরোধী সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ক্ষমতাসীন ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বিএনপিবিহীন দশম সংসদের কার্যক্রম নিয়ে টিআইবির প্রতিবেদন এবং আগাম নির্বাচনের পক্ষে অবস্থান জানানো নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া দেখান মন্ত্রী।
গত ২৫ অক্টোবর পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন প্রকাশ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “বর্তমান সংসদ ক্ষমতাসীন দলের একচ্ছত্র আধিপত্য বিস্তারের ভুবনে পরিণত হয়েছে। সংসদের বাইরের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার প্রাতিষ্ঠানিক ফোরামে পরিণত হয়েছে।”
১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, “জাতীয় সংসদ নিয়ে টিআইবি যে গর্হিত ভাষা ব্যবহার করেছে, তা কোনো রাজনৈতিক দল কখনও করেনি। এরা কারা? এদের পরিচয় কী? এরা তো জামাত-বিএনপি থেকে জঘন্য।
“সংসদ নিয়ে এ ধরনের মন্তব্য করার কারণে জাতির কাছে টিআইবিকে ক্ষমা চাইতে হবে।”
ক্ষমা না চাইলে ‘জনগণের রায়ের মাধ্যমে’ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম।
ওই প্রতিবেদন প্রকাশের পর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সমালোচনা করে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা। অন্যদিকে দশম সংসদ বর্জন করে সংসদের বাইরে থাকা বিএনপি বলছে, ওই প্রতিবেদনটি ঠিকই আছে, বরং বাস্তব চিত্র আরও খারাপ।
সংসদ নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ শুরু হয়েছে মন্তব্য করে নাসিম বলেন, “সংসদে কী নিয়ে কথা হয়, তা জাতি দেখে। সংসদে এখন গালাগালি হয় না বলে মনে হয় তাদের মন খারাপ।
“বর্তমান সংসদ কোনো গোপন সংসদ নয়। সংসদের কার্যক্রম সব জাতির সামনে তুলে ধরা হয়, তাই সংসদ নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে।”
জার্মানভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের বিরুদ্ধে আইনি ব্যব্স্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিও আহ্বান জানান এই মন্ত্রী।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের সামনে আসেন নাসিম।
সম্প্রতি বিদেশি হত্যা ও আশুরায় বোমা নিক্ষেপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাসিম বলেন, “খালেদা জিয়া ৫ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বহু মানুষ হত্যা করেছেন। মানুষ হত্যা করে কোনো সুফল না পেয়ে ব্যর্থ হয়েছিলেন, তাই খালেদা-বিএনপি-জামাত এখন বিদেশি হত্যা শুরু করেছে।”
স্থানীয় নির্বাচনে জোট থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, “১৪ দল এক সাথে আছে। সব কিছু এক সাথেই হবে। আমাদের মধ্যে ভালবাসা একটু বেশিই।”
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির কামরূল আহসান, জাসদের শরীফ নূরুল আম্বিয়া, জেপির শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, বাসদের রেজাউর রশিদ খান, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের ইসমাইল হোসেন, শফি আহমেদ, গণআজাদী লীগের এস কে শিকদার উপস্থিত ছিলেন।
