টিআইবির গাত্রদাহ কেন: প্রধান হুইপ
সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকা আওয়ামী লীগের কর্তৃত্বে টিআইবির সমালোচনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান হুইপ আ স ম ফিরোজ।
“নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগের একক আধিপত্য প্রতিষ্ঠা পেলে তাতে আওয়ামী লীগের দোষ কোথায়- সে বিষয়টি আমাদের কাছে বোধগম্য নয়। এক্ষেত্রে প্রতিবেদকের গাত্রদাহের কারণও আমাদের অজানা।”
দশম সংসদের দ্বিতীয় থেকে ষষ্ঠ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়ে সোমবার সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগ নেতা ফিরোজ।
টিআইবি রোববার প্রকাশিত প্রতিবেদনে বিএনপিবিহীন বর্তমান সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। সংস্থাটি বলেছে, সংসদ বিরোধী জোটের সমালোচনার ফোরাম হয়ে উঠেছে। সরকার ও বিরোধী দল উভয়ই এক সুরে এই সমালোচনা করছে। অসংসদীয় ভাষা নিয়ন্ত্রণে স্পিকারও শক্তিশালী ভূমিকা নিতে পারছেন না।
বিএনপি সংসদে না থাকলেও এই সংসদের দ্বিতীয় থেকে ষষ্ঠ অধিবেশন পর্যন্ত ৭ হাজার বারের বেশি তাদের সমালোচনা করা হয়েছে বলে টিআইবির পর্যবেক্ষণ। এর বিপরীতে ৫ হাজার বার সরকারের প্রশংসামূলক বক্তব্য পেয়েছে তারা।
ফিরোজ বলেন, “সংসদে একটি দল উপস্থিত নেই অথচ তাদের নিয়ে সংসদে ব্যাপক আলোচনা-বিতর্ক হয়েছে...এক্ষেত্রে দোষের কী আছে?
“বিএনপি সংসদের বাইরে বসে সংসদের সমালোচনা করবে, গাড়ি পোড়াবে, মানুষকে পুড়িয়ে মারবে, মৌলবাদীদের দোসর হিসেবে কাজ করবে, বিদেশিদের হত্যা করবে, সংসদে অবৈধ বলবে… এর জবাবে সংসদে তাদের নিয়ে কথা বলা কি অপ্রাসঙ্গিক?”
স্পিকারকে নিয়ে টিআইবির বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান হুইপ বলেন, “সংসদে কোনো অসংসদীয় ভাষা ব্যবহার হলে স্পিকার সাথে সাথে রুলস অব প্রসিডিউর অনুযায়ী সেগুলো এক্সপাঞ্জ করে দেন। এক্ষেত্রে স্পিকারের শক্তিশালী ভূমিকার অনুপস্থিতি তারা কোথায় দেখলেন, তা আমাদের বোধগম্য নয়।”
টিআইবির প্রতিবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন তৎপরতা চলছে। কিছুদিন আগে দুজন বিদেশি নাগরিককে হত্যা করা হল। দুই দিন আগে তাজিয়া মিছিলে হামলা হল।
“আর এখন টিআইবির এই এই অসত্য, বিভ্রান্তিমূলক প্রতিবেদন। রাষ্ট্র ও সংসদকে অকার্যকর হিসেবে দেখানোর জন্য তারা এই প্রতিবেদন করেছে এবং কোনো আন্তর্জাতিক মহলের স্বার্থসিদ্ধির জন্য এটা করা হয়েছে।”
টিআইবির তৎপরতা সংসদ অবমাননার শামিল দাবি করে সংস্থাটিকে হুঁশিয়ার করেছেন ফিরোজ।
“জাতীয় সংসদ ‘পুতুল নাচের নাট্যশালায়’ পরিণত হয়েছে এই ধরনের মন্তব্য করার অধিকার টিআইবিকে কে দিয়েছে? টিআইবির আয়ের উৎস কী? কোত্থেকে তাদের টাকা আসে? কারা টাকা দেয়? কোন খাতে খরচের জন্য টাকা দেয়? এসব জাতি জানতে চায়। আশা করি, এই নিয়ে তারা একটা প্রেস কনফারেন্স করবেন।”
