২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবির প্রতিবেদন সঠিক, তবে সামান্যই এসেছে তাতে: বিএনপি

দশম সংসদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ক্ষমতাসীন দলের সমালোচনার মধ্যে থাকা টিআইবি বিএনপিকে পক্ষে পেয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 07:22 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

দশম সংসদের কার্যকারিতা নিয়ে টিআইবির পর্যবেক্ষণের সঙ্গে একমত পোষণের পাশাপাশি বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, ক্ষমতাসীনরা সমালোচনামুখর হলেও ওই প্রতিবেদনেও বাস্তব চিত্রের পুরোটা আসেনি।

বিরোধী দলের অনুপস্থিতি এবং ক্ষমতাসীন দলের একচ্ছত্র নিয়ন্ত্রণের কারণে দশম সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে গত রোববার টিআইবির পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদন প্রকাশ করে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে অবস্থান জানায়।

পরদিন সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ সংবাদ সম্মেলন করে এর তীব্র প্রতিক্রিয়া জানায়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, টিআইবি বিএনপির ‘অঙ্গ প্রতিষ্ঠানে’ পরিণত হয়েছে।

মঙ্গলবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিপন বলেন, “আমাদের দল মনে করে, টিআইবির পর্যবেক্ষণ অতিকিঞ্চিৎই মাত্র।”

ক্ষমতাসীনদের সমালোচনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “টিআইবির পর্যবেক্ষণকে তারা চ্যালেঞ্জ করতে পারেননি। বলতেও পারেননি যে টিআইবি অসত্য পর্যবেক্ষণ দিয়েছে। বরং তারা এই সংসদ নিয়ে সত্য উন্মোচন করায় তাদেরকে বিরোধী দলের এজেন্ট বলে অসৌজন্যমূলক মন্তব্য করেছেন।

“সরকারের আমরা মনে করি, সত্য যতই কঠিন হোক না কেন, সরকারের উচিৎ হবে প্রকৃত বাস্তবতার মুখোমুখি হওয়া এবং দশম সংসদের নির্বাচন নিয়ে দেশ-বিদেশের পর্যবেক্ষণগুলো মেনে নিয়ে সেই সঙ্কট থেকে উত্তরণের পথ খোঁজা।”

বর্তমান সংসদ নিয়ে নিজেদের মূল্যায়নে রিপন বলেন, “দশম সংসদে ফেক অপোজিশন নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার কারণে দেশে এখন কোনো সুশাসন নেই, জবাবদিহিতাও নেই।

“সেকারণে সরকারি দলের লোকেরা দেশে নৈরাজ্য বিস্তার করেছে, তাদের লাগাম টানার শক্তি সরকার হারিয়ে ফেলেছে। এইরকম পরিস্থিতিতে অসংখ্য এমপি লিটন, আবদুর রহমান বদিদের জন্মের পাশাপাশি ফ্র্যাংকেনস্টাইনরা শক্তিমান হয়ে উঠেছে, যা সমাজ রাজনীতির জন্য বড়ই অশনি সঙ্কেত।”

চলমান পরিস্থিতিতে জাতীয় সংলাপ ডাকার পাশাপাশি নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবি পুনরায় জানান রিপন।

“গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত রাখতে হলে প্রকৃত বিরোধী দলের সঙ্গে সংলাপে বসতে হবে। আমরাই আইনসিদ্ধ সত্যিকারের প্রকৃত বিরোধী দল।”

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না- জানতে চাইলে রিপন সরাসরি উত্তর না দিয়ে বলেন,এখনও আইন সংশোধনের অধ্যাদেশ কিংবা বিল পাস না হওয়ায় এখনই তারা এনিয়ে কথা বলতে চান না।

সংবাদ সম্মেলনে রিপনের সঙ্গে ছিলেন বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, তকদির হোসেন জসিম প্রমুখ।

পুরনো খবর:

না থাকা বিএনপির কথাই সংসদে ৭ হাজার বার: টিআইবি