বিএনপি নেতৃত্বশূন্য করতে খোকাকে সাজা: নোমান
দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার কারাদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় আরেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপিকে নেতৃত্বশূন্য করাই এর উদ্দেশ্য।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় খোকাকে ১৩ বছর কারাদণ্ড এবং তার সম্পত্তি জব্দের রায়ের পরদিন বুধবার নোমান এক বিবৃতিতে একথা বলেন।
নোমান বলেন, উচ্চ আদালতের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থায় আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে ‘একতরফাভাবে মিথ্যা মামলায়’ সাজা দেওয়া হয়েছে সাবেক মেয়র ও মন্ত্রী খোকাকে।
“সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য করার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সাদেক হোসেন খোকাকে এক এগারোর সরকারের সময়ে করা মামলায় সাজা দেওয়া হয়েছে। অথচ এক এগারোর সময় আওয়ামী লীগ নেতাদের নামে করা হাজার হাজার মামলা সরকার একতরফাভাবে প্রত্যাহার করে নিয়েছে।”
এই মামলায় ভবিষ্যতে উচ্চ আদালত থেকে খোকাকে খালাস পাবেন বলেও আশা প্রকাশ করেন নোমান।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে করা অবৈধ সম্পদ অর্জনের একটি মামলার রায়ে মঙ্গলবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত বিএনপির ভাইস চেয়ারম্যান খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দেয়।
খোকা অবৈধভাবে ১০ কোটি ৫ লাখ ২১ হাজার ৮৩২ টাকার সম্পদের মালিক হয়েছেন ঘোষণা করে, ওই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।
