‘একশত ভাগ বাকশাল’ কায়েমের চেষ্টা চলছে: হান্নান শাহ
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে মাধ্যমে সরকার ‘একশত ভাগ বাকশাল’ প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
সোমবার রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলের বক্তব্যে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করছে।
“তারা (সরকার দলীয় নেতারা) মনে করছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়ন পরিষদগুলো যদি দখল করে নিতে পারেন, তাহলে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল একশত ভাগ কায়েম করতে পারবেন।”
“ফার্সিতে একটা কথা আছে- ‘হুলো দিল্লি দূর আসক’। এখনও দিল্লি বহু দূরে। সরকারকে বলব, এই কূটকৌশল ছেড়ে দিন। দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য অনতিবিলম্বে নতুন করে নির্বাচন দিন,” বলেন তিনি।
রাজনৈতিক দলের মনোনয়ন ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে পাঁচটি আইন সংশোধনের প্রস্তাবে সম্মতি দেয় সরকার।
আগামী ডিসেম্বরে পৌরসভা নির্বাচন এবং তার কয়েক মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার কথা রয়েছে। পৌরসভা নির্বাচন কাছাকাছি বলে অধ্যাদেশ জারি করে সংশোধিত আইন কার্যকর করা হবে।
এতদিন ধরে উপজেলা পরিষদ,সিটি করপোরেশন,পৌরসভা,ইউনিয়ন পরিষদে নির্দলীয়ভাবে হলেও আইন সংশোধনের পর দলীয় প্রতীকে হবে এসব নির্বাচন,প্রার্থী মনোনয়ন দেবে দলগুলো।
যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওই দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী উলামা দল।
গত ১৬ সেপ্টেম্বর চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যান খালেদা।
দোয়া মাহফিলে বক্তব্যের পর দলীয় প্রধানের দ্রুত আরোগ্য লাভে বিশেষ মোনাজাতে অংশ নেন হান্নান শাহ।
তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া বিদেশে চিকিৎসারত আছেন। আমরা সবাই জানি- তার একটি চোখের অস্ত্রোপচার হয়েছে। আরেকটি হবে। সবাই জানি, উনার পায়ের অসুবিধা আছে, সেটার চিকিৎসা হবে।
“অথচ সরকারের কিছু কর্তা ব্যক্তি আমাদের নেত্রী ও তার অসুস্থতা নিয়ে নানা মিথ্যাচার করছেন। তারা নেত্রীকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা নতুন কিছু নয়, এ সরকার সব সময়ে মিথ্যা কথা বলে জনগণকে প্রতারিত করে আসছে।”
সাবেক সেনা কর্মকর্তা হান্নান আরও বলেন, “সরকারের সবচেয়ে বড় ভয় হল, জাতীয়তাবাদ শক্তি ও তার কর্ণধার খালেদা জিয়া। তার সঙ্গে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করছে।”
একসঙ্গে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ ও গ্রেপ্তার বন্ধ করার দাবি জানান হান্নান।
দোয়া মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
