মওকা দেখছেন এরশাদ
দেশের বর্তমান পরিস্থিতিকে জাতীয় পার্টির রাজনীতি বিস্তারের ‘বড় সুযোগ’ বলে মনে করছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এ সুযোগ কাজে লাগাতে কর্মীদের ‘শক্তি সঞ্চয়ের নির্দেশ’ দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে থাকা সাবেক এই সামরিক শাসক।
রোববার ঢাকার বনানীতে নিজের কার্যালয়ে রংপুর বিভাগীয় জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময়ে এরশাদ বলেন, “ক্ষমতাসীন দলকে মানুষ চায় না। তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। এটা বড় সুযোগ। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। নইলে আমরাও অস্তিত্বের সঙ্কেটে পড়ব।”
নেতাকর্মীদের তিনি বলেন, “মনে রাখবে, দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। আমাদের কোনো বন্ধু নেই। আমাদের বন্ধু আমরাই। তোমরা শক্তি সঞ্চয় কর, সংগঠনকে শক্তিশালী কর। আমরা সবল হলে সবাই আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে। সবাই আমাদের পিছনে ঘুরবে।”
এরশাদের মতে, দেশে আইনের শাসন ‘না থাকার কারনেই’ বিদেশি নাগরিক হত্যার ঘটনা ঘটছে।
সরকারকে তিনি প্রশ্ন করেন, “দেশে আইনের শাসন নেই। মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। বিদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে। পোশাক খাতের বিদেশি ক্রেতারা আসছেন না। রাস্তায় এখন বিজিবি টহল দেয়। কিন্তু তাতে কি মানুষের মনে শান্তি ফিরে আসবে?”
সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান বলছেন, দেশে এখন গণতন্ত্রের ‘প্রাণ নেই’।
“দেশে গণতন্ত্রের কোনো চিহ্ন নেই। প্রাণহীন গণতন্ত্র চলছে। জাতীয় পার্টিই দেশে প্রকৃত গণতন্ত্র আনতে পারে। আগামী নির্বাচনে আমরা তা প্রমান করব।”
অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা ও জি এম কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা মত বিনিময়ে উপস্থিত ছিলেন।
