ষড়যন্ত্র মোকাবেলার সাহস পেলাম: ওবায়দুল কাদের
জনগণ নির্বিঘ্নে তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোটে কোনোরকম ভয়ভীতি, হস্তক্ষেপ হয়নি, বলেন ওবায়দুল কাদের।
নির্বাচনে ভোটাররা ব্যালটের মাধ্যমে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, “তাদের ভবিষ্যৎ ষড়যন্ত্র মোকাবেলায় নবশক্তিতে বলিয়ান হওয়ার সাহস পেলাম।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “বিএনপি-জামায়াত, তাদের দোসররা নির্বাচন অংশ নেয়নি, তারা নির্বাচন সন্ত্রাস করেছে, অগ্নি সন্ত্রাস করেছে। ব্যালটের মাধ্যমে আজ বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি এবং তাদের সমমনষ্করা যেই নির্বাচন বর্জন করেছে, সেই নির্বাচনে ভোটাররাই বিএনপিকে বর্জন করেছে।”
ওবায়দুল কাদের বলেন, “সকাল আটটা থেকে সারা দেশে ভোটাররা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পৌষের শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়েছেন। জনগণ নির্বিঘ্নে তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোটে কোনোরকম ভয়ভীতি, হস্তক্ষেপ হয়নি। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে।”
তিনি বলেন, “আমরা এক অপ্রিতিকর, এক ভীতিকর, এক চ্যালেঞ্জিং মুহূর্তে নির্বাচন করেছি। যেখানে প্রকাশ্যে পুলিশকে পিটিয়ে হত্যা করা হলো, প্রকাশ্যে দিবালোকে প্রধান বিচারপতির বাড়িতে হামলা হলো, পুলিশ হাসপাতালে হামলা হলো। সেখানে আপনি কি করে তাদের দায়ভার থেকে মুক্ত করে দেবেন? আমরা এই চ্যালেঞ্জকে জেনে নির্বাচন করেছি।
“আমাদের শত্রু যারা, যারা বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের ষড়যন্ত্র এই নির্বাচনের পরপরই বন্ধ হয়ে যাবে, এমনটি আমরা ভাবছি না। তারা তাদের এই ধ্বংসাত্মক কর্মসূচি চালিয়ে যাবে এবং আমরাও মোকাবেলা করব। আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে শক্তি পেলাম। জনগণের রায়ে আমরা নবশক্তিতে বলিয়ান হওয়ার সাহস পেলাম।”
ফলাফল ঘোষণার পর বিজয়ী দলীয় প্রার্থীর পক্ষে মিছিল এবং কোনো ধরনের কলঞে না জড়াতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
