২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে গণতন্ত্র নেই বলেই বিদেশিরা আসছে: ফখরুল

সোমবার রাতে মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, সরকার ইচ্ছা করেই সংঘাতের দিকে গোটা দেশ, জাতিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

Published : 11 Jul 2023, 04:14 PM

Updated : 11 Jul 2023, 04:45 PM

বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে জানার জন্য বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “আজকে কথা হচ্ছে কেন বিদেশিরা আসছে। আজকে আমেরিকা থেকে একটা টিম আসবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা টিম এসেছে। কেন এসছে এই কথাটা বুঝা গেল, বাংলাদেশে গণতন্ত্র নাই। তারা এখানে মানবাধিকার, গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে জানতে এসেছে এবং তারা বুঝতে চায়। 

“অন্য দেশে তো তারা যায় না। এখানে আসে কেন? কারণ এখানে গণতন্ত্র নাই। এখানে নির্বাচন হয়নি, এখানে নির্বাচন হয় না।” 

বিএনপি মহাসচিব বলেন, “দেখুন কি রকম প্রতারণার কথা বলে যাচ্ছে, আপনারা তো সবাই টেলিভিশন দেখেন, শুনেন… মনে হয় যেন একজন ধর্মপুত্র জুধিষ্ঠির… আমরাই ভালো নির্বাচন করি, আমরাই সত্যিকারের নির্বাচন করি, আমরাই গণতন্ত্রের বিশ্বাস করি। 

“আর দেখেন (নির্বাচনের আগে) সবার আগে আমাদেরকে অ্যারেস্ট করে তারপরে তারা নির্বাচন করে… ফাঁকা মাঠে করে। একটা নির্বাচনের জন্য প্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে একটা লেভেল প্লেয়িং ফিল্ড, সব রাজনৈতিক দলকে অবশ্যই সমান সুযোগ পেতে হবে। কিন্তু এখানে সেই পরিবেশ নেই।” 

সোমবার রাতে মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “তারা (সরকার) চেষ্টা করছে আবারও, ইচ্ছা করেই সংঘাতের দিকে গোটা দেশকে, জাতিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে। আপনারা লক্ষ্য করেছেন যে, দুই-একটা চ্যানেলে খবর এসেছে গতরাত্রে যে, মগবাজারের নাকি ককটেল বিস্ফোরণ হয়েছে। এটা অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্রমূলক, চক্রান্ত। এটা করা হচ্ছে যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধবংস করতে চায় এবং করছে, যারা সবসময় দোষারোপ করতে চায় যে, বিরোধী দল বিএনপি এসমস্ত কাজ করে, তারা আজকে এই কাজগুলো করছে….মূলত সরকার তাদের যে বিভিন্ন সংস্থাগুলো আছে, তাদেরকে নিয়ে এগুলো করাচ্ছে।” 

মির্জা ফখরুল বলেন, “এটার প্রমাণ দেখেন, আমরা প্রোগ্রাম দিচ্ছি, প্রোগ্রাম চলছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ প্রোগ্রাম। তার সাথে সাথেই ওই প্রোগ্রামের বিরুদ্ধে তথাকথিত ‘শান্তি সমাবেশ’, ‘শান্তি মিছিল’ নামে কাউন্টার প্রোগ্রাম দিচ্ছে তারা, যা সংঘাতের দিকে ঠেলে দেয়া ছাড়া আর কিছু নয়।” 

তিনি বলেন, “আজকে আমরা একটা অসম যুদ্ধের মধ্যে আছি। এই যুদ্ধটা হচ্ছে আমাদের গণতন্ত্রকে রক্ষা করার যুদ্ধ, এই লড়াইটা হচ্ছে আমাদের দেশকে রক্ষা করার লড়াই, এই লড়াইটা হচ্ছে সত্যিকার অর্থেই আমাদের অস্তিত্বের লড়াই।” 

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির প্রশিক্ষণ সেলের উদ্যোগে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) সহযোগিতায় নারী প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে এই অনুষ্ঠান হয়। 

কর্মশালার উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে সমাপনী অনুষ্ঠানে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। 

কর্মশালায় ২৫ জন নারী নেত্রী অংশ নেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডানা এল ওল্ডস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, রাশেদা বেগম হীরা, শিক্ষক মাজহারুল হক, প্রশিক্ষণ সেলের সদস্য রেহানা আক্তার রানু ও নেওয়াজ হালিমা আরলি প্রমুখ।