দলীয় মনোনয়ন ফরম ছেড়েছে এনসিপি
“সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে বিএনপি কিংবা জামায়াত—যে কারো সঙ্গে জোট হতে পারে,” বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ‘অনলাইন’ ও ‘অফলাইনে’ দলীয় মনোনয়ন ফরম ছাড়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।
বৃহস্পতিবার ঢাকার বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে মনোনয়ন ফরম বিতরণের ঘোষণা দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তাসনিম জারা।
তিনি বলেন, “তিন প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে; অনলাইনের (nomination.ncpbd.org) মাধ্যমে ফর্মটা পূরণ করতে পারবেন। এছাড়া মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ ১০ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মাধ্যমেও মনোনয়নটা জমা দিতে পারবেন।”
রংপুর বিভাগে আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগ ইমরান ইমন, সিলেট বিভাগে এতেশাম হক, ময়মনসিংহ বিভাগে আশিকীন আলম, ঢাকা বিভাগে সাইফুল্লাহ হায়দার, ফরিদপুর বিভাগ নিজামউদ্দিন, চট্টগ্রাম বিভাগ এসএম সুজাউদ্দিন, কুমিল্লা বিভাগে মোহাম্মদ আতাউল্লাহ, খুলনা বিভাগ ফরিদুল হক ও বরিশাল বিভাগে মুজাহিদুল ইসলাম শাহীন সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ উন্মুক্ত থাকবে।
“মনোনয়ন ফর্মের সর্বনিম্ন দাম রেখেছি ১০ হাজার টাকা। কেউ চাইলে বাড়িয়েও দিতে পারবেন। তবে জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি, মজুর রয়েছেন, তাদের জন্য মনোনয়ন ফর্মের দাম রাখা হয়েছে দুই হাজার টাকা।”
তিনি আরও বলেন, “আমরা ৩০০ আসনে প্রার্থী দেব, দলের আহ্বায়ক সেটা আগেই সংবাদমাধ্যমে পরিষ্কার করেছেন।
“বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়ায় একটি জায়গায় আসে এবং তারা যদি সংস্কার ভবিষ্যতে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত, যে কারো সঙ্গে আমাদের জোট হতে পারে। কিন্তু বিচার-সংস্কারের বিষয়ে সমাধান না হলে কারো সঙ্গেই কোনো জোটে যাব না।”
তাসনিম জারা বলেন, “এলাকায় সৎ, যোগ্য জনপ্রতিনিধি হিসেবে কাজ করেন; অনেক কারণেই তারা সামনে আসতে পারেননি। গডফাদার, শীর্ষ দুর্নীতিবাজই জনপ্রতিনিধি হবেন বলে আমাদের মাঝে ধারণা ছিল। সৎ ও যোগ্য মানুষ কখনো মনোনয়ন পান না। সেই সংস্কৃতিটা আমরা ভাঙবো। আমরা চাই আমাদের সংসদে এমন মানুষ যাবে, যারা সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে; যারা রাজনীতিকে জনগণের সেবা হিসেবে দেখবে। রাজনীতিটা কোনো আয় রোজগারের পথ হিসেবে না; কোন ব্যবসা হিসেবে না; কোনো প্রাইভেট এন্টিটি হিসেবে না; বরং জনগণের সেবা করতেই যারা রাজনীতি করতে চায়, তাদের জন্য রাজনীতির পথটা উন্মুক্ত হবে।”
সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
