২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারা আমার-আপনার কথা বলবে, তাদের মুক্তি দাবি করা উচিত: নজরুল

“যারা আমার-আপনার পক্ষে কথা বলবে, যারা আমার-আপনার জন্য লড়াই করবে, তাদের মুক্তির দাবি আমাদের জানানো উচিত, আমরা তাদের মুক্তির দাবি জানাচ্ছি,” বলেন বিএনপি নেতা নজরুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2023, 04:14 PM

Updated : 01 Dec 2023, 06:09 PM

গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন জোর করে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নজরুল ইসলাম খান।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে এক শ্রমিক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, “আজকে যারাই আন্দোলন করছে তাদেরকে গ্রেপ্তার করে রাখা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে অসুস্থাবস্থায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। যারা লড়াই করছিলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সব নেতৃবৃন্দকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে।

“যারা আমার-আপনার পক্ষে কথা বলবে, যারা আমার-আপনার জন্য লড়াই করবে, তাদের মুক্তির দাবি আমাদের জানানো উচিত, আমরা তাদের মুক্তির দাবি জানাচ্ছি।”

তিনি বলেন, “জোর করে আন্দোলন দমন করা যায় না… যদি যেত এদেশে বৃটিশরা থাকত, পাকিস্তানিরা থাকত, সামরিক স্বৈরশাসকরা থাকত। এখনো থাকবে না। এমনকি যারা স্বৈরশাসকদের রক্ষা করবার চেষ্টা করে তারা একসময় লজ্জিত হয় যে, আমরা কার পক্ষে এতদিন কাজ করলাম।”

শ্রমিক হত্যার বিচার, হতাহতদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারদের মুক্তি, কর্মচ্যুতদের কাজে পুনর্বহাল ও ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে সম্মিলিত শ্রমিক পরিষদের (বিএসপি) উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “সরকার হুমকি দিয়ে আন্দোলন বন্ধ করতে চায়। এখন আবার বলছে, ‘নির্বাচন কি বন্ধ করতে পারবে? আমরা তো মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছি’। আমি বলি, এটা কি কোনো নির্বাচন?

“আমরা জানি মানুষ ভোট দিতে যাবে না। কিন্তু ওরা নাটকের মতো স্টেইজের মধ্যে অনেকগুলো সেন্টার সাজাবে…সন্ধ্যার পরে ঘোষণা করবার চেষ্টা করবে, আমরা জিতেছি… এতো ভোটে। যদি সব কিছু ঠিকঠাক মতো যায়। যদি সব কিছু ঠিকঠাক মতো বললাম কেন, বিস্তারিত ব্যাখ্যা দেব না।”

মান্না বলেন, “এই সরকার এমন যে, চতুর্দিক থেকে শোনা যাচ্ছে গার্মেন্টসের ওপরে নিষেধাজ্ঞা আসবে, বাণিজ্যের ওপরে নিষেধাজ্ঞা আসবে কিন্তু তার কথা তারা ভাবছে না। তারা বলছে, সবকিছু আমরা দেখব… পরে কি হয়। জানি তারা নির্বাচনে এভাবে একটা নাটক করবার জন্য কাজ করছে।”

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “এই সরকার শুধু আমার-আপনার পেটে লাথি মারছে তা না… পুরো দেশকে বাজি ধরছে। আজকে যুক্তরাষ্ট্র শ্রম অধিকার নতুন নীতিমালা ঘোষণা করেছে। তারা বলেছে, এই ধরনের একতরফা নির্বাচনে মানবাধিকার, শ্রমিকের অধিকার খর্ব হলে তারা আমাদের গার্মেন্টস শিল্প রপ্তানি খাত, তার ওপর নতুন নতুন বিধিনিষেধ আরোপ করতে পারে, স্যাংশন আরোপ করতে পারে।

“লক্ষ লক্ষ শ্রমিকরা আজকে যে শিল্প গড়ে তুলেছেন, এদেশের উদ্যোক্তরা যে শিল্প গড়ে তুলেছেন, এই সরকার ক্ষমতায় থাকার জন্য, ভোট ছাড়া ক্ষমতায় থাকার জন্য আমাদের আন্তর্জাতিক বাজার আজকে ধ্বংস করার চেষ্টা করছে। সরকারের এই তৎপরতাকে কোনোভাবে সফল হতে দেয়া যাবে না। কারণ এটা সফল হলে এই দেশ, এই দেশের মানুষ, এই দেশের শ্রমিকদের জীবন ধ্বংস হবে।”

গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর বলেন, “আপনারা দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে। এমনকি আমাদেরকেও ভয় দেখানো হচ্ছে যে, আমরা যদি নির্বাচনে না যাই, এই প্রধান বিচারপতির মামলায় আমাদেরকেও জেলে ঢোকানো হবে।

“এভাবে মানুষকে ব্ল্যাকমেইল করে এই নির্বাচনের নাটকে নিয়েছে। গতকাল দেখেছেন, বীরউত্তম শাহজাহান ওমর সাহেব.. আজন্ম বিএনপি করেছেন…আওয়ামী লীগকে মন থেকে ঘৃণা করেন। একজন বয়োবৃদ্ধ মানুষ…কত চাপ নিতে পারবেন? ব্ল্যাকমেইল করে শেষ পর্যন্ত তাকে নৌকায় উঠাইছেন। এভাবে জবরদস্তি করে মানুষকে নৌকায় উঠিয়ে সেই নৌকা গন্তব্যে নিয়ে যেতে পারবেন না।”

সভাপতির বক্তব্যে সম্মিলিত শ্রমিক পরিষদের নির্বাহী সমন্বয়ক এএএম ফয়েজ হোসেন বলেন, “আমরা আগামী একমাস সময় দিচ্ছি সরকারকে…এক মাসের মধ্যে যদি আমাদের দাবিসমূহ মানা না হয় তাহলে ধর্মঘটসহ অন্যান্য কর্মসূচি দিতে বাধ্য হব।”

সম্মিলিত শ্রমিক পরিষদের নির্বাহী সমন্বয়ক আব্দুর রহমানের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে জাতীয় গণফ্রান্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদের নেতা মেজবাহ উদ্দিন আহমেদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।