২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির মালভিয়া নগরে আগুন,ঘটনাস্থলে দমকলের ৩৫ ইঞ্জিন

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণে মালভিয়া নগর এলাকায় একটি রাবার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 09:33 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

ঘটনাস্থলে প্রায় ৩৫টি দমকল ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।

কিন্তু ঘনবসতিপূর্ণ ওই এলাকার রাস্তাগুলো সরু হওয়ায় অগ্নিনির্বাপক বাহিনীকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভাতে গিয়ে একজন দমকলকর্মী  আহত হয়েছেন বলে জানান কর্মকর্তারা।

এনডিটিভি জানায়, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে গুদামের ভেতর একটি ট্রাকে আগুন লাগে এবং দ্রুত তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

আগুন এখন গুদামের পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ছে বলে জানান অগ্নিনির্বাপক বাহিনীর এক কর্মকর্তা।

“আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে বিপজ্জনক আকার ধারণ করছে। এরই মধ্যে গুদামের পাশের আবাসিক ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে। যদিও ভবনগুলো খালি করে ফেলা হয়েছে।”

 প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও আকাশে ঘনকালো ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।

 গুদামটি আবাসিক এলাকায় হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।