মেট্রোরেল: ‘কষ্ট’ ভুলে সুদিনের অপেক্ষায় মিরপুরবাসী
রোকেয়া সরণির ব্যবসায়ীদের কারও দেনা জমে গেছে, কারও দোকান বন্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের মনে যেন পোড়া দাগ হয়ে আছে যানজটে ভোগান্তির স্মৃতি। মিরপুরবাসীর সকল কাঁটা ধন্য করে মেট্রোরেল এবার উদ্বোধনের অপেক্ষায়।
আগারগাঁও থেকে মিরপুর-১০ এ যেতে রাস্তার দুপাশে সারি সারি ফার্নিচারের দোকান; ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেলের নির্মাণযজ্ঞ এসব দোকান মালিকদের জন্য এসেছিল দুঃস্বপ্ন হয়ে।
“যেমন ধরেন, মেট্রোরেলের কাজ ধরার আগে মাসে ৩০-৩২ লাখ টাকার বিক্রি থাকত। মাঝে প্রকল্পের কাজ চলার সময় বছর তিনেক বিক্রি নেমে গেছিল মাসে ৬-৭ লাখে। এলাকায় মানুষতো হাঁটার জায়গাই পেত না, গাড়ি নিয়ে আসা ছিল দুঃসাধ্য। বাধ্য না হলে ক্রেতারা এদিকে আসত না। বিক্রির পর মাল গাড়িতে তোলাও ছিল যন্ত্রণা। লোকসান দিতে দিতে আমাদের অনেক কর্মীকে বিদায় করতে হয়েছে।”
তালতলায় ২০ বছরের পুরোনো দোকান আল বোরাক ফার্নিচারের ম্যানেজার মাহমুদুল হাসান এভাবেই সেই কষ্টের দিনগুলোর বিবরণ দিচ্ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে।
সাত বছর আগে উত্তরা দিয়াবাড়ী থেকে মেট্রোরেল প্রকল্পের কাজ শুরুর সময় থেকেই ব্যবসায় ক্ষতি গুনেছেন মিরপুর এলাকার রাস্তার দুই ধারের ব্যবসায়ীরা। তাদের সেই দুর্দশা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল কোভিড মহামারী।
কেবল ব্যবসার ক্ষতি নয়, প্রতিদিন যানজট ঠেলে ঠেলে মিরপুরের বাসিন্দাদের যে পরিমাণ সময়ের ক্ষতি হয়েছে, তার কোনো অংক কেউ মেপে রাখেনি।
করোনাভাইরাসের ত্রাস কমে গেছে আগেই, মিরপুর অংশে মেট্রোরেলের কাজ শেষে স্বস্তিও ফিরেছে গত কয়েক মাস হল। উদ্বোধনের পর চলাচল শুরু হলেই মিরপুরবাসীর এতদিনের কষ্ট লাঘব হবে, স্থানীয়রা এখন সেই অপেক্ষায় আছেন।
প্রথম দিকে আগারগাঁও থেকে দিয়াবাড়ি অংশের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথে ছুটবে মেট্রোরেলের দ্রুতগতির বৈদ্যুতিক ট্রেন, আগামী বুধবার আনু্ষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেট্রোরেল লাইনের আশপাশের এলাকার বাসিন্দারা বলছেন, প্রকল্পের কাজ শেষ হবে কবে, সেই অপেক্ষা যেন তাদের ফুরাচ্ছিল না। অবশেষে বহুল আকাঙ্ক্ষিত এই রেল যোগাযোগ চালু হচ্ছে, যা নিয়ে এখন উচ্ছ্বাস তাদের।
মিরপুর ১২ নম্বরে বাসস্ট্যান্ডের কাছেই একটি স্টেশনারি দোকানে কথা হয় স্থানীয় বাসিন্দা রোমানের সঙ্গে। তার কথায়, এই মেট্রোরেল নির্মাণ কাজের সময় মিরপুরবাসীকেই ‘সবচেয়ে বেশি’ ভোগান্তির পোহাতে হয়েছে। এখন সবার আগে তারাই মেট্রোরেলের সুফল ভোগ করতে যাচ্ছেন।
পথ আর সময়ের হিসাব তুলে ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখান থেকে বাসে মিরপুর ১০ কিংবা আগারগাঁও আইডিবি যেতে আগে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা লেগে যেতে। এখন আমরা চলে যাব কয়েক মিনিটে। ভাড়া যাই হোক, এখন মানুষের সময়েরও একটা মূল্য আছে।
“সেই হিসাবে আপনি বলতে পারেন- মেট্রোরেল এই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড় বিপ্লবের সূচনা করবে। মিরপুর থেকে উত্তরাগামী বাসের যাত্রীও কম না। কালশী, ইসিবি, কুড়িল, বিমানবন্দর হয়ে উত্তরা যাওয়ার ঝামেলা এখন আর কেউ নেবে বলে মনে হয় না। সোজা মেট্রোরেলে চেপে দিয়াবাড়ি নেমে যাবে; সেখান থেকে যাবে যার যার গন্তব্যে। এতে খরচও বাঁচবে, সময়ও বাঁচবে।”
মিরপুরে বইখাতার দোকানি রাজিব শেখ জানান, তার শিক্ষা সামগ্রীর দোকানটির বয়স আট বছর। এর মধ্যে মেট্রোরেল নির্মাণ কাজের কারণে গত পাঁচ বছরই তার বেশ কষ্টে গেছে। স্কুলে আসা-যাওয়া থেকে শুরু করে, অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়া, সবকিছুতেই বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছে মিরপুরবাসীকে।
“কিন্তু মেট্রোরেলের কাজ শেষ হওয়ায় গত কয়েক মাস ধরে ভালো আছি। মেট্রোরেল চালু হলে এই এলাকা আগের চেয়ে দ্বিগুণ মাত্রায় সরগরম হয়ে উঠবে। কারণ এখানে অনেক অনেক নাম করা স্কুল-কলেজ আছে। পাশেই ক্যান্টনমেন্ট এলাকা। রোকেয়া সরণির দুই পাশেও বড় জায়গা নিয়ে আবাসিক এলাকা। মেট্রো রেলে যাত্রীর অভাব হবে না।”
ক্ষতির হিসাবের পর বাড়ছে প্রত্যাশা
নির্মাণকাজ শেষে রাজধানীর আগারগাঁও থেকে রোকেয়া স্মরণি হয়ে মিরপুর-১৪ পর্যন্ত সড়কের যাতায়াত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এ বছরের শুরুর দিক থেকে। যদিও বন্ধ হয়ে যাওয়া অনেক দোকান এখনও চালু হয়নি।
যারা টিকে আছেন সেসব দোকানিদের অনেকের ভাষ্য, নির্মাণকাজের কারণে গত কয়েক বছর ধরে ক্রেতা হারিয়ে তারা লাখ লাখ টাকার দেনায় পড়েছেন। বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় দোকান টিকিয়ে রাখতে অনেককে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করতে হয়েছে। কেউ আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে হয়ে গেছেন খেলাপি।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেল পথ নির্মাণকাজ ২০১৬ সালের মাঝামাঝিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ১১ কিলোমিটার অংশে রোকেয়া স্মরণিতে মেট্রোরেলের পিয়ার বসানোর খোঁড়াখুঁড়ি শুরু হয় পরের বছরের মাঝামাঝিতে।
নির্মাণকাজ চলার সময় রাস্তার কোথাও সংকুচিত আবার কোথাও একেবারে চলাচল অনুপযোগী হয়ে যায়। বর্ষাকালে হাঁটু সমান কাদা পানিতে পরিস্থিতি হয়ে উঠে আরও ভয়াবহ। রাস্তার দুই পাশের আবাসিক এলাকার বাসিন্দাদের চলাচলের ভোগান্তিতে পড়তে হয়।
মেট্রোরেল পথের দুই পাশে থাকা ফার্নিচার, ম্যাট্রেস, ইলেক্ট্রনিক্স পণ্যের দোকানগুলো দীর্ঘ কয়েক বছর ধরে ক্রেতার খরায় পড়ে। শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ থেকে ১২ এলাকায় রাস্তার দুই পাশের ফ্যাশন হাউজ, খাবারের দোকান কিংবা হার্ডওয়্যার ও হার্ডবোর্ডের দোকানগুলোর পরিস্থিতিও ছিল নাজুক। অনেক দোকান স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।
মেট্রোরেলের শেওড়াপাড়া স্টেশনের দুই প্রান্তে ছিল ইকরা রেস্টুরেন্টের তিনটি শাখা। এর মধ্যে পূর্বপাশে ইকরা ফাস্টফুড ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। একইভাবে বন্ধ দেখা যায় কয়েকটি মিষ্টির দোকান।
স্টেশনের পশ্চিম পাশে তিন তলা একটি ভবনের নিচ তলায় ইকরা রেস্টুরেন্ট চালু থাকলেও দ্বিতীয় তলায় চায়নিজ খাবারের আউটলেট বন্ধ হয়ে আছে। ২০ বছর আগে চালু হওয়া এই রেস্টুরেন্টগুলো শেওড়াপাড়া এলাকায় বেশি পরিচিত।
রেস্তোরাঁর পরিচালক আবু সুফিয়ান বলেন, “ক্ষতির হিসাব করে শেষ করা যাবে না। আমাদের দুটো আউটলেট বন্ধ হয়ে গেছে, একটি চললেও ৭০ শতাংশ বেচাবিক্রি কমে গেছে। নিজের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি ইতোমধ্যেই বিক্রি করে দিয়েছি।
“আমরা ক্ষতির হিসাব করতে গেলে কোনো কূল কিনারা পাই না। এখন আল্লাহ বাঁচায় রাখছে- এটাই সান্ত্বনা। গত এক বছরে বেচাবিক্রিও একটু একটু করে বাড়ছে।”
রেস্তোরাঁর পাশেই মেট্রোরেলের একটি স্টেশন হওয়ায় আবার ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন সুফিয়ান। তাতে হয়ত ক্ষতির কষ্ট কিছুটা হলেও ভুলতে পারবেন তিনি।
“সরকার আমাদের কোনো ক্ষতিপূরণ দেয়নি। গত সাত বছর কীভাবে পার করেছি সাংবাদিকরাও কেউ জানতে আসেনি। এখন তো দুর্ভোগ দূর হয়েছে। ভাগ্য ভালো হলে ব্যবসাও ঘুরে দাঁড়াবে। দোকানের সামনেই স্টেশন পড়েছে। আশা করি ট্রেন চালু হলে বিক্রি আরও বাড়বে।”
রোকেয়া সরণির পূর্বপ্রান্তে অপটিমাম ইলেক্ট্রনিক্সের মালিক তাজুল ইসলাম খান বললেন, “৬০ বছরের জীবনে ৪০ বছর বিভিন্ন পেশায় ছিলাম। গত ২০ বছর ধরে এখানে দোকান করি। মেট্রোরেল নির্মাণ শুরু হওয়ার পর যে অর্থনৈতিক ক্রাইসিসে পড়েছি, জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি আর কখনো হতে হয়নি।
“আমার দোকানের যায় যায় অবস্থায়। ব্যাংকের কাছে ২০ লাখ টাকা ঋণ। গত পাঁচ বছরে ধরে ঠিকমত কিস্তি দিতে পারছি না। কালকেও ব্যাংকের লোক আসছিল। খুব হতাশার মধ্যে আছি।”
তাজুল বলেন, মেট্রোরেলের কাজ শুরু হওয়ার পর থেকে লোকজন স্বাভাবিকভবে চলাফেলা করতে পারেনি। সে কারণে তার মত দোকানিদের ব্যবসা পড়ে যায়।
“আগে আামরা ভালো ছিলাম। দৈনিক ৪০ হাজার, ৫০ হাজার, এমনি ৮০ হাজার টাকাও বিক্রি হত। মেট্রোর নির্মাণ শুরুর পর আর কাস্টমার আসতে পারেনি। বেচাকেনা কমতে কমতে প্রায় জিরোতে এসেছে।”
তাজুল ইসলামের দোকানের আশপাশে অনেকগুলো দোকানই বন্ধ। দীর্ঘদিন শাটার বন্ধ থাকায় তালায় মরিচা ধরেছে।
“আশপাশে অনেকেই ব্যবসা বন্ধ করে চলে গেছে। আমি যেতে পারি নাই। এই বয়সে তো পেশা পরিবর্তন করতে পারব না। নিজেকে খুব অসহায় লাগে,” বলছিলেন তাজুল।
ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় জাইকার স্থানীয় অফিসে ক্ষতিপূরণের আবেদন করে সাড়া না পাওয়ার কথা জানান তাজুল, সুফিয়ানসহ আরও কয়েকজন।
তাদের দাবি, সরকার ফুটপাতের দোকানিদের ৫০ হাজার, এক লাখ টাকা করে দিলেও তারা কোনো সহায়তা পাননি। রোকেয়া সরণি ব্যবসায়ী সমিতি থাকলেও তারা ক্ষতিপূরণ আদায়ের কোনো উদ্যোগ নেয়নি।
২০১৬ সালে যখন মেট্রোরেলের খোঁড়াখুঁড়ি শুরু হয়, তালতলা বাসস্ট্যান্ডের পেছনের আবাসিক এলাকার আল আমিন তখন পড়ত নবম শ্রেণিতে। পুরো নির্মাণ কাজ হয়েছে তার চোখের সামনে।
বর্তমানে মিরপুর বাংলা কলেজে স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র আল আমিন বলেন, “রাস্তায় গর্ত করা হয়েছে একাধিকবার। একবার পিলারের জন্য রাস্তার মাঝে বড় বড় গর্ত করা হয়েছে। দুই পাশে স্টিলের বেড়া দেওয়ার পর যানবাহন চলাচলের উপায় ছিল না। পিলার নির্মাণের পর আবার রাস্তার ধারে সুয়ারেজের লাইন বসানোর জন্য আবারও খোঁড়া হয়েছে।
“সব মিলিয়ে গত সাত বছর মিরপুরের ভোগান্তি নিয়ে ট্রল করেছে মানুষ। এখন রাস্তা অনেক ঝকঝকে হয়ে গেছে। বলতে গেলে এখন আগের ভোগান্তির কথা আমরা ভুলেই গেছি।”
গবেষণা ও সম্ভাব্যতা যাচাইয়ের ধারাবাহিকতায় ২০১৩ সালে মেট্রোরেল নির্মাণে জাপানের সঙ্গে ঋণচুক্তি করে সরকার। পরের বছর প্রকল্পের বিস্তারিত নকশা প্রণয়নের কাজ শুরু হয়।
উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল ডিপোর মধ্য দিয়ে শুরু হয় ভৌত অবকাঠামো নির্মাণের কাজ। করোনাভাইরাস মহামারীর মধ্যেও স্বাস্থ্যঝুঁকি কমানোর পদক্ষেপ নিয়ে এগিয়ে যায় কার্যক্রম। ধাপে ধাপে কাজ এগিয়েছে অগ্রাধিকারভিত্তিক এ প্রকল্পের; বাড়ানো হয়েছে এর রুটও।
রুট বাড়ানো ও ব্যয় বাড়ার আগে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল স্থাপনে চলমান এ প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এরপর কমলাপুর পর্যন্ত মেট্রোরেল এগিয়ে নেওয়ায় মোট ব্যয় বেড়ে হয় প্রায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়।
বহুল আকাঙ্খিত নতুন এ গণপরিবহন ২৮ ডিসেম্বর থেকে ঢাকা নগরীতে ছুটতে শুরু করলে সুদিন ফেরার প্রত্যাশা করছেন এতদিন ক্ষতির হিসাব কষে আসা মিরপুরর ব্যবসায়ীরা।
আরও খবর
