মেট্রোরেলের পাতাল অংশ নির্মাণে জাপানি ২ কোম্পানির সঙ্গে থাকছে টাটা
চুক্তির আওতায় বিমানবন্দর, বিমানবন্দরের টার্মিনাল-৩ ও খিলক্ষেতে তিনটি পাতাল স্টেশনও নির্মাণ করা হবে।
ঢাকায় মেট্রোরেল প্রকল্পের পাতাল অংশের অবকাঠামো নির্মাণে জাপানের দুই কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারতের টাটা প্রজেক্টস লিমিটেড (টিপিএল)।
মেট্রোরেল পরিচালনকারী ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড’ (ডিটিএমসিএল) টাটাকে এ কাজ দিয়েছে বলে দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে।
টিপিএলের বিবৃতির বরাতে ভারতীয় সংবাদমাধ্যমটি লিখেছে, জাপানের দুই কোম্পানি—নিশিমাতসু কনস্ট্রাকশন ও তোদা করপোরেশনের সঙ্গে এই কাজ পেয়েছে টাটা।
চুক্তির আওতায় ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ পাতাল মেট্রোরেলের অবকাঠামো নির্মাণ করা হবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনব্যবস্থার কাজও রয়েছে।
প্রকল্পের আওতায় তিনটি পাতাল স্টেশনও নির্মাণ করা হবে। এগুলো হলো, খিলক্ষেত, বিমানবন্দরের টার্মিনাল-৩ ও বিমানবন্দর। ভেন্টিলেশনের অংশ হিসেবে মেট্রোরেল লাইনের উত্তর প্রান্তে একটি ‘শ্যাফট’ নির্মাণের কথাও আছে চুক্তিতে।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ঢাকার গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যানজট কমানোর লক্ষ্যে বাংলাদেশের নেওয়া উদ্যোগের অংশ এটি।
টাটা প্রজেক্টস তাদের বিবৃতিতে বলেছে, এ অবকাঠামো নির্মাণের কাজ পাওয়া তাদের সক্ষমতার বহিঃপ্রকাশ।
কোম্পানির প্রেসিডেন্ট রাজীব মেনন বলেন, “নগরায়ণের ফলে মধ্যপ্রাচ্য, এশিয়া ও উদীয়মান বাজারগুলোতে মেট্রো ও রেল নেটওয়ার্কে অভূতপূর্ব বিনিয়োগ হচ্ছে। আমরা মনে করি, এই প্রকল্প সরকারের বিভিন্ন সংস্থা, উন্নয়নকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ইপিসি কোম্পানিগুলোর কাছে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আমাদের পরিচিতি বাড়াবে।”
টাটা প্রজেক্টস একটি প্রকৌশল, ক্রয় ও নির্মাণ (ইপিসি) প্রতিষ্ঠান। বড় ধরনের নগর ও শিল্প অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে কাজ করে তারা।
কোম্পানিটির কাজের পরিধির মধ্যে তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল খাতও রয়েছে।
