২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজপ্রিন্ট ‘সিন্ডিকেট’ ভাঙতে চান তথ্যমন্ত্রী

কেন্দ্রীয়ভাবে বিজ্ঞাপন বিতরণের দাবি সংবাদপত্র পরিষদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 07:34 PM

Updated : 15 Jun 2023, 07:34 PM

সংবাদপত্র ও প্রকাশনার কাজে ব্যবহৃত বিশেষ কাগজ নিউজপ্রিন্ট নিয়ে দেশে একটি ‘সিন্ডিকেট’ তৈরি হওয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি এও জানিয়েছেন, সিন্ডিকেটটি ভাঙতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকবার কথা বলেছেন। 

সাংবাদিকদের উপস্থিতিতে বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তথ্যমন্ত্রী। 

বৈঠকের শুরুতে বিএসপি সাধারণ সম্পাদক জি এম কিবরিয়া বলেন, “কাগজ, কালি, মুদ্রণশিল্পসহ সব জিনিসপত্রের দাম শতভাগ বেড়েছে। কিন্তু সরকারি বিজ্ঞাপনের দাম আগের মতই রাখা রয়েছে। ডিএফপির মাধ্যমে বিজ্ঞাপনের মূল্য পুনর্নির্ধারণের দাবি জানাচ্ছি।

“সারা দেশে বিজ্ঞাপন কেন্দ্রীয়করণ না হওয়ার কারণে (অনেকেই) মাসে বা সপ্তাহে একবার পত্রিকা বের করে সরকারি সকল বিজ্ঞাপন ছাপে। এটি রীতিমত ফৌজদারি অপরাধ এবং আপনার মন্ত্রণালয়ের আইনগত অপরাধ। কিন্তু ডিসি, এসপি ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কেউ আমাদের কথা শোনেন না, উনারা আরও উল্টো কথা বলেন। (এ বিষয়ে) আপনার এখান থেকে বিজ্ঞপ্তি প্রচার করে দিলে, আমরা সবাই সেটি ছাপাব।” 

তথ্য মন্ত্রণালয় থেকে বিতরণ করা ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরের ক্রোড়পত্রের বিল এখনও পরিশোধ করা হয়নি জানিয়ে সব সরকারি বিজ্ঞাপন কেন্দ্রীয়ভাবে সংবাদমাধ্যমে বণ্টনের দাবি জানান কিবরিয়া। 

বিএসপির সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, “বর্তমান প্রেক্ষিতে কাগজের দাম এত বেশি যে- আমি বাণিজ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেছি। তাকে (বাণিজ্যমন্ত্রী) বলেছি, ডলার সংকটের কারণে কাগজ আমদানি করা সম্ভব হচ্ছে না। অথচ দেশে যে কাগজ উৎপাদিত হয়, যেটির দাম ছিল ৭০০ টাকা, এখন তার দাম ২২০০ টাকা হয়েছে। দাম বাড়তে পারে, কিন্তু একটা যৌক্তিক কারণ থাকতে হবে।” 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, “প্রেসের প্লেট, কালিসহ সব কিছুর দাম বেড়েছে। রেটগুলো যদি পুনঃবিবেচনা করেন- তাহলে সংবাদপত্রগুলো শুধু উপকৃত হবে না, তাদের অস্তিত্ব বিলীন হওয়ার হাত থেকে রক্ষা পাবে।” 

সংবাদপত্র পরিষদের নেতাদের বক্তব্য শুনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশে নিউজপ্রিন্ট ব্যবসার একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেট দাম বাড়ায় কমায়। এই সিন্ডিকেটের কারণেই সরকারের কয়েক দফা উদ্যোগের পরও খুলনা নিউজপ্রিন্ট মিল চালু করা সম্ভবপর হয়নি। 

“আগে যখন বাংলাদেশে উৎপাদিত নিউজপ্রিন্ট দিয়ে পত্রিকা ছাপানো হতো, তখন বিজ্ঞাপন বাদে শুধু পত্রিকা বিক্রির অর্থ দিয়েই মোটামুটিভাবে পত্রিকা চালানো যেত। কিন্তু এখন নিউজপ্রিন্টের একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, এটা ভাঙতে হবে। আমি এই বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রীর সাথেও কয়েক দফা আলোচনা করেছি। এ ব্যাপারে সবারই সোচ্চার হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।” 

কোভিড মহামারীর রেশ না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট তৈরি হয়। বাংলাদেশের অনেক সংবাদপত্র বিদেশ থেকে কাগজ আমদানি করে পত্রিকা ছাপলেও এলসি খুলতে না পারায় কাগজ আমদানির পথ বন্ধ হয়ে যায়। 

এরপর ১৬ পৃষ্ঠার পত্রিকার দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা এবং ১২ পৃষ্ঠার পত্রিকার দাম দুই টাকা বাড়িয়ে ৭ টাকা করা হয়। বিদেশ থেকে কাগজ আমদানি করতে না পেরে এখন প্রথমসারির বেশিরভাগ পত্রিকা দেশীয় কাগজে ছাপা হচ্ছে। 

হাছান মাহমুদ জানান, বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধ করতে চলতি অর্থবছরে তথ্য মন্ত্রণালয়ের অব্যয়িত কয়েক কোটি টাকা তারা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরকে দেওয়ার প্রস্তাব করেছেন। 

দেশে যখন দেড়শর মতো পত্রিকা ছিল, তখন কেন্দ্রীয়ভাবে বিজ্ঞাপন বিতরণ করা হতো জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “এখন সাড়ে ১২০০ পত্রিকা। আর বিজ্ঞাপন এতো বেশি যে বাস্তবতার নিরিখে এগুলো কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনা সম্ভব নয়।” 

পুরনো খবর

বাংলাদেশে সংবাদপত্রের প্রচার সংখ্যা বাড়ার নেপথ্যে কী 

অচেনা পত্রিকাগুলোরও এত প্রচার সংখ্যা! 

আট পত্রিকার প্রচার সংখ্যা ২ লাখের ওপরে