২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট পত্রিকার প্রচার সংখ্যা ২ লাখের ওপরে

দেশে ২১৮টি বাংলা জাতীয় দৈনিকের ভেতরে ৪৮টির প্রচার সংখ্যা লাখের বেশি বলে সংসদে তথ্য দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2020, 07:46 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

সংবাদপত্রগুলোর কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) নিয়মিতভাবে পত্রিকার প্রচার সংখ্যার এই হিসাব তৈরি করে।

সে অনুযায়ী বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, আমাদের সময়, জনকণ্ঠ, সমকাল ও সংবাদের প্রচার সংখ্যা দুই লাখের বেশি।

সরকারি দলের এমপি বেনজির আহমেদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সংসদে এই তথ্য দেন। তাতে বলা হয়,   বর্তমানে দেশে দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ২৭৭টি। এর মধ্যে জাতীয় বাংলা দৈনিক ২১৮টি, আঞ্চলিক বাংলা দৈনিক ২৯৩টি এবং ইংরেজি দৈনিক ৪০টি।

ভোরের কাগজ, আমাদের নতুন সময়, মানবকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, ইনকিলাব, বাংলাদেশের খবর, আমার সংবাদ, আমাদের অর্থনীতি, মানব জমিন, ভোরের ডাক, আমার বার্তা, আলোকিত বাংলাদেশ, ভোরের পাতা, নবচেতনা, ঢাকা প্রতিদিন, বর্তমান, মুক্ত খবর, আজকালের খবর, আজকের বিজনেস বাংলাদেশ, বণিক বার্তা, জনতা, খোলাকাগজ, গণকণ্ঠ, জনবাণী, সকালের সময়, হাজারিকা প্রতিদিন, স্বাধীন বাংলা, সংবাদ প্রতিদিন, ভোরের দর্পণ, সময়ের আলো, যায়যায়দিন, আমার সময়, লাখোকণ্ঠ, গণমুক্তি, বাংলাদেশের আলো, শেয়ার বিজ কড়চা, খবর ও সমাজ সংবাদ লাখের ওপরে প্রচার সংখ্যা দেখিয়েছে ডিএফপিতে।

আঞ্চলিক দৈনিকের মধ্যে প্রচার সংখ্যায় শীর্ষে রয়েছে বরিশালের আজকের বার্তা (৮০ হাজার ৫০টি)। এছাড়া ৫০ হাজারের বেশি প্রচার সংখ্যার আঞ্চলিক পত্রিকার মধ্যে আছে বগুড়ার করতোয়া, চট্টগ্রামের পূর্বকোণ ও আজাদী, বগুড়ার চাঁদনীবাজার এবং বরিশালের আজকের পরিবর্তন।

প্রচার সংখ্যায় শীর্ষ ১০-এ থাকা ইংরেজি দৈনিকের মধ্যে রয়েছে ডেইলি স্টার (৪৪ হাজার ৮১৪), ফাইনানশিয়াল এক্সপ্রেস (৪১ হাজার), ঢাকা ট্রিবিউন (৪০ হাজার ৬০০), ইনডিপেনডেন্ট, অবজারভার, বাংলাদেশ পোস্ট (তিনটিরই ৪০ হাজার ৫৫০), এশিয়ান এজ ও ডেইলি ট্রাইব্যুনাল (৪০ হাজার ৫০০) এবং বাংলাদেশ টুডে (৪০ হাজার ১০)।

সংবাদপত্র মালিকরা সরকারি বিভিন্ন সুবিধা চাওয়ার সময় প্রচার সংখ্যা কমার কথা বললেও ডিএফপিতে দেওয়া তাদের তথ্যের সঙ্গে সেই কথার কোনো মিল থাকে না। কয়েকটি পত্রিকার ক্ষেত্রে দেখা যায়, পরপর দুই বছরের প্রচার সংখ্যা হুবুহু এক।

বাংলাদেশে সংবাদপত্রের প্রচার সংখ্যা বাড়ার নেপথ্যে কী  

গ্যাস সিলিন্ডার ব্যবহারের অদক্ষতায় নিহত ৩৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এদিন সংসদে জানান, এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহারে অদক্ষতা এবং অসচেতনতার কারণে সংঘটিত বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৮ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছে।

সংরক্ষিত আসনের লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে নসরুল হামিদ এ তথ্য জানান।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে কি না, যাচাইয়ের জন্য সিলিন্ডার মজুদের স্থান, সিলিন্ডার পরীক্ষা কেন্দ্র নিয়মিতভাবে পরিদর্শন করা হচ্ছে। নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। এছাড়া এ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে দেশব্যাপী ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গত পাঁচ বছরে (২০১৫-২০১৯) ভোক্তা পর্যায়ে তিনবার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। ২০১৭ সালের মার্চে একই আদেশে দুই ধাপে মূল্য সমন্বয় করা হয়েছে। গ্যাসে মূল্য বৃদ্ধির কোন পরিকল্পনা সরকারের আপাতত নেই।

সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, দিনাজপুরের হাকিমপুরের ইসবপুর এলাকায় কূপ খননকালে এক হাজার ৩৩৪ ফুট থেকে দুই হাজার ৭৩ ফুট গভীরতা পর্যন্ত বিভিন্ন স্তরে চুম্বকীয় পদার্থের সন্ধান পাওয়া যায়। একই এলাকার ভাদুরিয়াহাটে আরো একটি কূপ খননের কার্যক্রম চলমান আছে। ওই এলাকায় ৮-১০টি কূপ খনন সম্পন্ন হলে এক বিস্তৃতি, মজুদ এবং উত্তোলন সম্পর্কিত ধারণা পাওয়া যায়।

সরকারি দলের শাহে আলমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বিসিকের আওতায় বিদ্যমান ৭৬টি শিল্পনগরীতে পাঁচ হাজার ৮৭৭টি শিল্প ইউনিটের অনুকূলে ১০ হাজার ২০২টি শিল্প প্লট বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে মালিকানা দ্বন্দ্ব, ব্যবস্থাপনা ও বিপনন সমস্যা, আর্থিক সংকট, মামলা ইত্যাদি কারণে ৫৮১টি শিল্প রুগ্ন বা বন্ধ অবস্থায় আছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন হয়।

পুরনো খবর:

বাংলাদেশে সংবাদপত্রের প্রচার সংখ্যা বাড়ার নেপথ্যে কী