Published : 07 Aug 2025, 03:40 PM
চোখ সাজাতে, চোখ বড়, প্রাণবন্ত ও আকর্ষণীয় দেখাতে মাসকারা প্রয়োজনীয় একটি প্রসাধনী।
তবে মাসকারা লাগানোর পর তুলতে গিয়ে চোখ ও পাতার ওপর চাপ পড়া, পাপড়ি উঠে যাওয়া কিংবা ত্বকে জ্বালাভাব হওয়াটা বিরক্তিকর।
অনেকেই মাসকারা তুলতে গিয়ে এতটা বিরক্ত হন যে, এর ব্যবহার কমিয়ে দেন বা না তুলে ঘুমিয়ে পড়েন। এতে চোখ ও ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
তাই মাসকারা তোলার সময় সঠিক পদ্ধতি জানা ও ব্যবহার করা খুবই জরুরি।
এ বিষয়ে জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টারের প্রধান ও রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি দিয়েছেন নানান পরামর্শ।
মাসকারা তোলার জন্য সঠিক প্রসাধনী ব্যবহার
“সাধারণ ফেইস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করে মাসকারা তুলতে গেলে ত্বকে জ্বালাভাব হতে পারে। তাই চোখের আশপাশের সংবেদনশীল অংশের জন্য আলাদাভাবে তৈরি ‘আই মেইকআপ রিমুভার’ ব্যবহার করা উচিত”- পরামর্শ দেন ফারহানা রুমি।
মাসকারা তুলতে বিউটি বাম বা মাইসেলার ওয়াটার ব্যবহার করা যেতে পারে। তবে ওয়াটারপ্রুফ মাসকারা তুলতে হলে শক্তিশালী রিমুভার প্রয়োজন হতে পারে।
দুই স্তরের ফর্মুলা ব্যবহার
রুমি বলেন, “দুই স্তরের ফর্মুলার রিমুভার যেমন- তেল ও পানি এই দুই উপাদানে তৈরি রিমুভার সব ধরনের মাসকারা তুলতে কার্যকর। এটি বিশেষভাবে উপযোগী যখন মাসকারার নিচে ল্যাশ প্রাইমার ব্যবহার করা হয়। যা মাসকারাকে দীর্ঘস্থায়ী করে তোলে।”
অ্যালকোহল ও সুগন্ধি-বিহীন পণ্য বেছে নেওয়া
চোখের চারপাশের ত্বক অত্যন্ত সংবেদনশীল। তাই সুগন্ধি বা অ্যালকোহলযুক্ত পণ্য চোখের পাতার ত্বককে শুষ্ক করে তোলে এবং জ্বালাভাব সৃষ্টি করতে পারে। তাই এসব উপাদানবিহীন রিমুভার ব্যবহার করাই ভালো।
তুলার প্যাড ব্যবহার, তুলোর বল নয়
তুলার বল ব্যবহার করলে ছোট ছোট তন্তু চোখে ঢুকে যেতে পারে। ফলে চোখে জ্বালাভাব বা সংক্রমণ হতে পারে। তাই শতভাগ তুলা দিয়ে তৈরি, শক্ত তুলার প্যাড ব্যবহার করা উচিত।
চোখে প্যাড চেপে কিছুক্ষণ রাখা
মাসকারার মধ্যে থাকা ওয়্যাক্স ও রঞ্জক দ্রবীভূত করতে রিমুভারকে সময় দিতে হবে।
“তাই তুলার প্যাডে রিমুভার ভিজিয়ে চোখের ওপর চেপে ১৫ থেকে ৩০ সেকেন্ড ধরে রাখুন। এতে মাসকারা সহজেই আলগা হয়ে যাবে এবং ঘষাঘষি করতে হবে না” বলেন ফারহানা রুমি।
চোখের বাইরের দিক থেকে ভেতরের দিকে মোছা
চোখের ভেতরের দিক থেকে বাইরের দিকে না মুছে বরং বাইরের দিক থেকে ভেতরের দিকে মুছলে মাসকারা বা ব্যাক্টেরিয়া চোখে ঢোকার সম্ভাবনা কমে।
ঘষাঘষি না করে তুলার প্যাড আঙুলের মধ্যে রোল করে ব্যবহার করলে চাপ কম পড়ে।
আলতোভাবে কাজ করা
চোখের চারপাশের ত্বক শরীরের সবচেয়ে পাতলা অংশ। বেশি চাপ দিলে কোলাজেন ক্ষতিগ্রস্ত হয়।
এই বিশেষজ্ঞ আরও বলেন, “চোখে বেশি ঘষাঘষি করলে রক্তচলাচলে ক্ষতি হতে পারে এবং তা ত্বকের বার্ধক্য ত্বরান্বিত করে।”
মাসকারা তোলার সময় চোখ বন্ধ
চোখে মাসকারা বা রিমুভার ঢুকে গেলে তীব্র জ্বালাভাব ও লালভাব দেখা দিতে পারে। তাই চোখ বন্ধ করে মাসকারা তুলতে হবে।
দ্বিতীয়বার পরিষ্কার
ফারহানা রুমি বলেন, “প্রথম ধাপে তুলা দিয়ে মাসকারা তোলার পর দ্বিতীয় ধাপে একটি নরম মেইকআপ ওয়াইপ ব্যবহার করতে হবে। যাতে পুরোপুরি পরিষ্কার হয়ে যায়।”
তবে শুরুতেই ওয়াইপ ব্যবহার না করে আগে তুলা দিয়ে মাসকারা তুলে নেওয়া উচিত।
ফোম ক্লিনজার দিয়ে মুখ ধোয়া
“আই মেইকআপ রিমুভারে থাকা তেলের স্তর ত্বকে জমে যেতে পারে। তাই পরে অবশ্যই একটি সফট ফোম ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। মনে রাখতে হবে, চোখের মেইকআপ রিমুভার মুখের বাকি অংশের জন্য যথাযথ নয়।
মাসকারা তোলার পর চোখের চারপাশে ময়েশ্চারাইজার লাগান
“মাসকারা ওঠানোর পর চোখের ত্বক সহজেই শুষ্ক ও জ্বালাযুক্ত হয়ে পড়ে। তাই রাতে একটি ভালো আই ক্রিম বা সংবেদনশীলদের জন্য পেট্রোলিয়ামযুক্ত ‘প্রোটেকটিভ ক্রিম’ ব্যবহার করা উচিত। রেটিনলযুক্ত আই ক্রিম কোলাজেন উৎপাদনে সহায়ক, যা বয়সের ছাপ প্রতিরোধ করে”- বলেন ফারহানা রুমি।
হাত দিয়ে মাসকারা টেনে তোলার অভ্যাস বাদ
হাত দিয়ে মাসকারা টেনে তুললে বুঝতেও পারবেন না কখন প্রাকৃতিক চোখের পাপড়ি উঠে গেছে। একবার পাপড়ি উঠে গেলে তা নতুন করে গজাতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে।
আরও পড়ুন