২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোলাজেন ট্রেন্ড’ ত্বকের জন্য কতটা উপকারী?

কোলোজেন এক ধরনের প্রোটিন যা ত্বকের টানটান-ভাব বজায় রাখতে সাহায্য করে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 04:39 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

ত্বকের যত্নে কোলাজেন এক ধরনের ‘ট্রেন্ডে’ পরিণত হয়েছে।

কফি থেকে শুরু করে প্রসাধনী সব জায়গাতেই কোলাজেনের উপস্থিতি বাড়ছে। অনেকেই মনে করেন, কোলাজেন ব্যবহারে ত্বক টানটান থাকে, বলিরেখা কমে এবং বয়সের ছাপও দেরিতে পড়ে।

কোলাজেন আসলে কী এবং কেন প্রয়োজন?

কোলাজেন মূলত একটি প্রাকৃতিক প্রোটিন, যা শরীরের বিভিন্ন অংশে থাকে, বিশেষ করে ত্বকে। এই উপাদান ত্বকের দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা ধরে রাখে প্রয়োজন হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইয়েল বিশ্ববিদ্যালয়ের ত্বকবিদ্যা বিভাগের অধ্যাপক মোনা গোহারা রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “কোলাজেন ত্বকের ভেতরের কাঠামোকে শক্ত রাখে। সহজভাবে বলতে গেলে, এটি ত্বকের ভরাট-ভাব ও টানটান অবস্থা বজায় রাখে। তাই কোলাজেন কমে গেলে ত্বকে ঢিলাভাব ও বলিরেখা দ্রুত দেখা দিতে শুরু করে।”

বয়স বাড়ার সঙ্গে কোলাজেন কমে যাওয়ার কারণ

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেন উৎপাদন ধীরে ধীরে কমতে থাকে। সাধারণত ২০ বছরের মাঝামাঝি বয়স থেকেই প্রতি বছর অল্প অল্প করে এই উৎপাদন কমে যায়, আর চল্লিশের পর আরও স্পষ্ট হয়ে ওঠে- জানান অধ্যাপক মোনা।

ফলে ত্বকে সূক্ষ্ম রেখা, ঝুলে পড়া ভাব এবং আগের তুলনায় ধীরে সেরে ওঠার প্রবণতা তৈরি হয়। তাই এই সময় থেকেই অনেকেই কোলাজেন বাড়ানোর বিভিন্ন উপায় খুঁজতে শুরু করেন।

কোলাজেন বাড়াতে যা করা উচিত

অধ্যাপক মোনা গোহারা এর মতে, “কোলাজেন বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হল- ত্বককে এমন উপাদান দেওয়া, যা নতুন কোলাজেন তৈরি করতে সাহায্য করে। কিছু নির্দিষ্ট উপাদান ত্বকের কোষকে সক্রিয় করে এবং নতুন কোলাজেন উৎপাদনে সহায়তা করে।”

এছাড়া প্রতিদিন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করাও খুব জরুরি। কারণ সূর্যের প্রভাব কোলাজেন দ্রুত নষ্ট করে দিতে পারে।

প্রসাধনীতে কোলাজেন কতটা কার্যকর?

অনেক প্রসাধনীতে সরাসরি কোলাজেন ব্যবহার করা হয়। তবে এটি কতটা কার্যকর, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ভিন্ন।

মার্কিন ত্বক বিশেষজ্ঞ ডেন্ডি এঙ্গেলম্যান একই প্রতিবেদনে বলেন, “কোলাজেন অণুর আকার অনেক বড় হওয়াতে এটি ত্বকের গভীরে প্রবেশ করতে পারে না। ফলে এটি সরাসরি নতুন কোলাজেন তৈরি করতে পারে না।”

মোনা গোহারা যোগ করেন, “এই ধরনের প্রসাধনী মূলত ত্বকের ওপরিভাগে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অর্থাৎ এটি ত্বককে সাময়িকভাবে মসৃণ দেখাতে পারে, তেবে ভেতরের কাঠামো পরিবর্তন করে না।

কোলাজেন সাপ্লিমেন্ট আসলেই কাজ করে কি?

এখন কোলাজেনযুক্ত পানীয় বা গুঁড়া বেশ জনপ্রিয়। অনেকেই মনে করেন, যা খেলে সরাসরি ত্বকে কোলাজেন বাড়ে।

কিন্তু নিউ ইয়র্কভিত্তিক ‘মারিওয়ালা ডার্মাটোলজি’ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কবিতা মারিওয়ালা বলেন, “বিষয়টি এতটা সহজ নয়। শরীরে প্রবেশ করার পর কোলাজেন ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। এরপর শরীর সেই উপাদান ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রোটিন তৈরি করে যার মধ্যে ত্বকও একটি অংশ।”

অর্থাৎ, এটি সরাসরি ত্বকে গিয়ে কোলাজেন তৈরি করে না, বরং একটি উপাদান হিসেবে কাজ করে।

গবেষণা যা বলছে

যদিও কোলাজেন সাপ্লিমেন্ট নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কিছু গবেষণায় ইতিবাচক ফলও পাওয়া গেছে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত নির্দিষ্ট সময় ধরে কোলাজেন গ্রহণ করলে ত্বকের আর্দ্রতা, স্থিতিস্থাপকতা এবং বলিরেখার গভীরতায় কিছুটা উন্নতি হতে পারে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, “এগুলো এখনও সম্পূর্ণ নির্ভরযোগ্য চিকিৎসা নয়। কারণ এসবের মান ও কার্যকারিতা সব সময় একরকম থাকে না।”

খাদ্য থেকেই কোলাজেনের যত্ন

মোনা গোহারা মনে করেন, “কোলাজেনের জন্য সবচেয়ে ভালো উপায় হল সুষম খাদ্য গ্রহণ। মাছ, ডিম এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার কোলাজেন তৈরিতে বেশ সহায়ক।”

এই ধরনের খাবার শরীরকে প্রয়োজনীয় উপাদান দেয়, যা প্রাকৃতিকভাবে কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে।

অভ্যাসের প্রভাবও গুরুত্বপূর্ণ

কবিতা মারিওয়ালা বলেন, “নিয়মিত কোলাজেন নেওয়া, ত্বক পরিষ্কার রাখা, আর্দ্রতা বজায় রাখা এবং সূর্য থেকে সুরক্ষা নেওয়া, ব্যায়াম, পর্যাপ্ত ঘুমের মতো ভালো অভ্যাস থাকলে সব কিছুর প্রভাবেই ত্বকের উন্নতি হয়।”

আরও পড়ুন

অকালে বুড়িয়ে যাওয়া এড়ানোর উপায়

যে ভুলে ওজন কমাতে গিয়ে বুড়িয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে

বলিরেখাকে বিদায় জানান