যে কারণে ঋতু পরিবর্তনে কেশ পরিচর্যার রুটিন বদলাতে হয়
মৌসুম বদলালে চুলের স্বাস্থ্য রক্ষায় কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখার প্রয়োজন পড়ে।
গ্রীষ্ম থেকে শরৎ কিংবা শীতে গেলে শুধু ত্বকের নয়, চুলের যত্নেও পরিবর্তন আনা জরুরি।
সান ফ্রান্সিসকো-ভিত্তিক হেয়ারস্টাইলিস্ট ব্রেন্ডনেটা অ্যাশলি ওয়েলঅ্যান্ডগুড ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতা কমতে থাকে। ফলে চুল ও মাথার ত্বক থেকে আর্দ্রতা হারিয়ে যায়।”
এতে চুল ভঙ্গুর হয়ে ওঠে, সহজে ভেঙে যায় এবং মাথার ত্বকে শুষ্কতা, চুলকানি কিংবা খুশকির সমস্যা দেখা দেয়।
নিউ ইয়র্ক সিটির `শ্যাফার ক্লিনিক ফিফথ অ্যাভিনিউ’-এর চর্মরোগ বিশেষজ্ঞ ডেন্ডি এঙ্গেলম্যানের মতে, "আর্দ্রতার ঘাটতি চুলের উজ্জ্বলতা, শক্তি এবং নমনীয়তা কমিয়ে দেয়। চুল দেখতে নিস্তেজ ও শুষ্ক হয়ে পড়ে।"
লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট দিমিত্রিস জিয়ানেটোস যোগ করেন, “চুলের আগা ফেটে যাওয়া, স্থির বিদ্যুৎ (স্ট্যাটিক) জমা হওয়া ও জট লেগে যাওয়া খুব সাধারণ সমস্যা। তাই মৌসুমি ট্রিম বা চুল কাটা জরুরি।”
মৌসুমি রুটিনে যেসব পরিবর্তন আনা দরকার
ডেন্ডি এঙ্গেলম্যানের পরামর্শ হল, চুল ও মাথার ত্বককে আর্দ্র রাখতে হবে। এজন্য আর্দ্রতাযুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা উচিত।
এছাড়া চুলের তেল, কন্ডিশনিং মাস্ক, বন্ড-বিল্ডিং ট্রিটমেন্ট এবং স্ক্যাল্প সেরাম যুক্ত করলে চুলের ভেতরে আর্দ্রতা ধরে রাখা যায়।
জিয়ানেটোস বলেন, “ঋতু পরিবর্তনে নিয়মিত ট্রিম করা চুলের ভাঙন ও ‘স্প্লিট এন্ড’ বা আগা ফাটা কমাতে সাহায্য করে। পাশাপাশি আর্দ্রতাযুক্ত পণ্য ব্যবহার করলে চুল ভঙ্গুর হয় না।”
অ্যাশলি আরও বলেন, “চুল ভেজা অবস্থায় ঠাণ্ডা বাতাসে বাইরে যাওয়া বিপজ্জনক। এতে আর্দ্রতা আরও কমে যায়, ফলে চুল দ্রুত ভেঙে যেতে পারে।”
সোজা ও ঢেউ খেলানো চুলের যত্ন
এই ধরনের চুলের জন্য হালকা ময়েশ্চারাইজিং ‘লিভ-ইন কন্ডিশনার’ বা হালকা তেল সবচেয়ে ভালো। তবে যাদের চুল খুব পাতলা, তাদের ক্ষেত্রে ভারী মাস্ক বা তেল চুলকে চিটচিটে ও ভারী করে তুলতে পারে।
ডেন্ডি এঙ্গেলম্যান বলেন, “পাতলা চুলের জন্য হালকা ‘লিভ-ইন কন্ডিশনার’ বা ভলিউমাইজিং ক্রিম উপযুক্ত। এতে চুল আর্দ্র থাকবে, আবার ভারীও লাগবে না।”
চুলের উড়ো ভাব দূর করতে হালকা স্টাইলিং ক্রিম ব্যবহার করা যায়।
কোঁকড়ানো ও মোটা চুলের যত্ন
দিমিত্রিস জিয়ানেটোস বলেন, “কোঁকড়ানো বা ঘন চুলের জন্য গভীর কন্ডিশনার বা তেল ব্যবহার খুবই কার্যকর। শুষ্ক বাতাসে এই চুলগুলো বাড়তি আর্দ্রতা চায়।”
অ্যাভোকাডো, ক্যাস্টর বা চিয়া সিড তেলের মতো প্রাকৃতিক উপাদানযুক্ত হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল নরম, মসৃণ ও উজ্জ্বল হয়। এগুলো কিউটিকল বন্ধ করে আর্দ্রতা ভেতরে ধরে রাখে এবং কোঁকড়ানো-ভাব আরও স্পষ্ট করে তোলে।
অ্যাশলির মতে, "কোঁকড়ানো চুল ধোয়ার পর সম্পূর্ণ শুকানো জরুরি। ভেজা অবস্থায় বাইরে বের হলে ঠাণ্ডা বাতাস আর্দ্রতা কেড়ে নেয় এবং চুল ভঙ্গুর হয়ে পড়ে। তাই ধোয়ার পর হালকা ‘লিভ-ইন স্প্রে’ বা চুলের ক্রিম ব্যবহার করে তেল লাগাতে হবে এবং সম্পূর্ণ শুকাতে হবে।"
সব ধরনের চুলের জন্য যত্ন
ডেন্ডি এঙ্গেলম্যান বলেন, "চুল মজবুত করার জন্য ‘বন্ডিং ট্রিটমেন্ট’ কার্যকর। এটি ভাঙা ‘বন্ড’ বা চুলের বাঁধন মেরামত করে এবং ভাঙন কমায়। বিভিন্ন ধরনের তেল বা মাস্ক আকারে এই ট্রিটমেন্ট পাওয়া যায়।"
তিনি আরও বলেন, “চুল ঘুমের সময় ঘর্ষণের কারণে ভেঙে যায় বা উড়ো চুলের পরিমাণ বাড়ে। এজন্য সিল্ক বা সাটিনের বালিশের কভার বা স্কার্ফ ব্যবহার করলে এই সমস্যা কমে।”
সার্বিক বার্তা
ঋতু পরিবর্তনের মানে পুরো চুলের যত্ন পাল্টে ফেলা নয়। বরং কয়েকটি ছোটখাটো পরিবর্তন আনা জরুরি।
এভাবে সামান্য পরিবর্তনই শরৎ ও শীতের শুষ্ক আবহাওয়ায় চুলকে রাখবে উজ্জ্বল, নরম এবং স্বাস্থ্যকর।
আরও পড়ুন
